লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।
খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি বাবু ঘোষের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
একই দাবিতে মানববন্ধন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু রোডে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
সাতক্ষীরায় শহরে গতকাল সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসূচিতে অভিজিৎকে হত্যার জন্য ধর্মান্ধ গোষ্ঠীকে দায়ী করা হয়।
গতকাল সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকালে স্থানীয় শহীদ সাটু হলের সামনে মানববন্ধন করে গণজাগরণ মঞ্চ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও পেশাজীবীরা অংশ নেন।
গতকাল রাজবাড়ীতে বেলা ১১টায় মানববন্ধন করে উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদ। রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা অভিজিতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে শহরের বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান সড়কের প্রেসক্লাবের সামনে গতকাল বেলা ১১টা থেকে আধা ঘণ্টার মানববন্ধন হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। পরে বিক্ষোভ মিছিল বের হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}