অভিজিৎ হত্যায় এইচআরএফবির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক ও সম্পাদক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। এইচআরএফবি হচ্ছে ১৯টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত ফোরাম।

আজ রোববার এইচআরএফবির আহ্বায়ক সুলতানা কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ মনে করে, ঘটনাস্থলের খুব কাছাকাছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকার পরও হামলা চালিয়ে দুষ্কৃতিকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঔদাসীন্যের পরিচয়। হুমকি দিয়ে এ রকম একের পর এক ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও আন্তরিকতাকে চরমভাবে প্রশ্নববিদ্ধ করেছে।
এ ছাড়া ঘটনার পর ৭২ ঘণ্টার বেশি সময় পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারা অথবা কারা এ ঘটনায় জড়িত, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে না পারাটা বিশেষভাবে উদ্বেগজনক।
শ্রদ্ধা শেষে অভিজিতের মরদেহ ঢাকা মেডিকেলেফোরামের পক্ষ থেকে অভিজিতের হত্যার দ্রুত কার্যকর ও বিশ্বাসযোগ্য তদ‌ন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যাতে সজাগ ও কার্যকর ভূমিকা পালন করে, সে আহ্বানও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৪ সালে প্রায় একই রকমকভাবে একই স্থানে বিশিষ্ট মুক্তচিন্তাবিদ কবি, লেখক হুমায়ুন আজাদের ওপর হামলা, অন্যান্য ব্লগার ও লেখকদের ওপর হামলা-হুমকি, মাত্র কয়েক দিন আগে একটি প্রকাশনাকে কেন্দ্র করে একুশে বইমেলায় রোদেলা প্রকাশনীর স্টল বন্ধ করে দেওয়া—এসব ঘটনা একটি অন্যটির সঙ্গে সম্পর্কযুক্ত। আগের ঘটনাগুলোর যথাযথ ও নিরপেক্ষ তদন্ত না হওয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনার কারণেই বারবার একই ধরনের ঘটনা ঘটে চলেছে।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আনুমানিক নয়টার দিকে দুষ্কৃতিকারীরা অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদের ওপর ধারালো চাপাতি দিয়ে হামলা চালায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে অভিজিৎ রায়ের মৃত্যু হয়।
রাফিদা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।