অভিজিৎ হত্যায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, বিচারহীনতার এই সংস্কৃতি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের রায় অবিলম্বে কার্যকর ও অভিজিৎ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত গণ-অবস্থান কর্মসূচিতে ইমরান এসব কথা বলেন।
ইমরান বলেন, রাষ্ট্র এখন সাধারণ মানুষের নেই, ক্ষমতাসীনদের স্বার্থ দেখতে ব্যস্ত হয়ে গেছে। কোনো সাধারণ মানুষ যদি ক্ষমতাসীন কারও সম্পর্কে কটূক্তি করে, তবে তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ অভিজিৎ রায়ের মতো একজন বিজ্ঞানলেখককে পরিকল্পিতভাবে সবার সামনে কুপিয়ে হত্যা করা হলো, এ ঘটনার তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
ইমরান বলেন, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে সরকার এখনো নির্লিপ্ত। তিনি অভিজিৎ হত্যার ঘটনায় রাজনৈতিক দলগুলোর তেমন কোনো প্রতিবাদ না করাকে দলগুলোর ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ হিসেবে উল্লেখ করেন।
সন্ধ্যায় গণ-অবস্থান কর্মসূচি শেষে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা শাহবাগ থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।