অভিজিৎ হত্যার ঘটনায় লর্ড অ্যাভবেরির বিবৃতি
লেখক-ব্লগার অভিজিৎ রায়কে হত্যার নিন্দা জানিয়ে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান লর্ড অ্যাভবেরি একটি বিবৃতি দিয়েছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে গত শনিবার ওই বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টিত বইমেলার কাছে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে সেক্যুলারপন্থী ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়েছে। পুলিশ ওই ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেক্যুলারপন্থী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলার ঘটনাগুলো দেশটিতে চলমান অবরোধ ও বিক্ষোভে বাড়তি মাত্রা যোগ করেছে। নতুন করে নির্বাচনের দাবিতে এসব অবরোধ ও বিক্ষোভ চলছে। আওয়ামী লীগ সরকার এবং বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদের অবশ্যই একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার এবং সন্ত্রাসের বিরুদ্ধে একটি ঐক্য প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে।