অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন ২৭ মার্চ
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আগামী ২৭ মার্চ ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম এই দিন ধার্য করেন।
আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বাবা অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
এই মামলায় বিভিন্ন সময়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। বাকি সাতজন আসামিকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই সাতজন হলেন তৌহিদুর রহমান, শফিউর রহমান ফারাবী, সাদেক আলী মিঠু, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, জাফরান হাসান ও মান্না ইয়াহিয়া মান্নান রাহী। মারা যাওয়া অপর আসামি হলেন আবুল বাশার।
মামলাটি তদন্ত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।