বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্র জোট। একই দিন দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচিও করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। তাঁদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার কালো ব্যাজ ধারণ, ৩ মার্চ বেলা তিনটায় শাহবাগে ছাত্র-শিক্ষক-জনতার সংহতি সমাবেশ ও ৪ মার্চ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ।
অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি ছাড়াও সংবাদ সম্মেলনে আরও দুটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো হুমায়ুন আজাদসহ ইতিপূর্বে সংঘটিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী ঘটনার বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ করা।
বইমেলা থেকে ফেরার পথে গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎকে। এ সময় তাঁর সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন।
সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক। তিনি বলেন, একটি অগণতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্যেই মৌলবাদ, জঙ্গিবাদ বিকাশের সুযোগ পায়। বাংলাদেশেও এই পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে নানাভাবে এখানে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে।