অভিজিৎ হত্যার বিচার চেয়ে ওয়াশিংটনে বিক্ষোভ
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত শনিবার বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মীরা। তাঁরা হত্যার ঘটনার দ্রুত তদন্ত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আল-জাজিরার।
বাংলাদেশি-আমেরিকানদের মানবাধিকার সংগঠন ‘দৃষ্টিপাত ডিসি’ শনিবারের ওই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে জড়ো হন।
আয়োজক সংগঠনের একজন মুখপাত্র নাদিয়া আফরিন বলেন, ‘দুই বছর ধরে আমরা লক্ষ করছি, ধর্মনিরপেক্ষ লেখকদের ওপর আক্রমণ বেড়েই চলেছে। আমরা এ ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এসব হামলার ঘটনার ন্যায়বিচার চাই।’
অভিজিৎকে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদও দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত হন।
অভিজিতের বাবা অজয় রায় গত মঙ্গলবার বলেছেন, অভিজিৎ হত্যার ঘটনার তদন্ত যে গতিতে চলছে, তাতে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘এই তদন্তের গতি একেবারেই ধীর। আমি উদ্বিগ্ন যে মামলাটি কোনো ফল ছাড়াই চাপা পড়ে যেতে পারে। যেমনটি ঘটেছে বাংলাদেশে, অতীতে এ ধরনের অন্য হত্যাকাণ্ডগুলোর ক্ষেত্রেও।’