অভিজিৎ হত্যার বিচার দাবিতে স্মারকলিপি
অভিজিৎ হত্যাকাণ্ডের বিচারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল করে জোটের নেতা-কর্মীরা এই স্মারকলিপি দেন।
দাবিগুলো হচ্ছে—অবিলম্বে ফারাবী ছাড়াও অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করা, হুমায়ুন আজাদের ওপর হামলাসহ ইতিপূর্বে সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার ও মতপ্রকাশের স্বাধীনতায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ করা।
বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে তাঁরা মন্ত্রণালয়ের দিকে যান। এ সময় শিক্ষা ভবনের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে ছাত্রজোটের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে বেলা একটার দিকে মানববন্ধন করে ফটোগ্রাফিক সোসাইটি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, কেউ ভিন্ন মত প্রকাশ করলে তাঁকে হত্যা করার বিধান কোনো ধর্মেই নেই। এই হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।