অভিজিৎকে শেষ শ্রদ্ধা, বিজ্ঞানের সেবায় দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণার কাজে ব্যবহারের জন্য অভিজিৎ রায়ের মরদেহ হস্তান্তরের আগে ঢাকা মেডিকেল কলেজে ছেলের কফিনের সামনে বাবা অধ্যাপক অজয় রায়। পাশে পরিবারের সদস্যসহ অন্য স্বজনেরা l ছবি: প্রথম আলো
গবেষণার কাজে ব্যবহারের জন্য অভিজিৎ রায়ের মরদেহ হস্তান্তরের আগে ঢাকা মেডিকেল কলেজে ছেলের কফিনের সামনে বাবা অধ্যাপক অজয় রায়। পাশে পরিবারের সদস্যসহ অন্য স্বজনেরা l ছবি: প্রথম আলো

ছোট্ট এক জীবনে লিখেছেন যুক্তির কথা, বিজ্ঞানের কথা। তাঁর কলম বলেছিল কুসংস্কার আর ধর্মান্ধতার বিরুদ্ধে। বাবাও বিখ্যাত, পদার্থবিজ্ঞানে তাঁর বিশ্বজোড়া খ্যাতি। সেই বিখ্যাত বাবার ছেলে ব্লগার-লেখক অভিজিৎ রায়ের নিথর দেহটা ব্যবহৃত হবে বিজ্ঞানের সেবায়। মৃত্যুর পরও তিনি যেন মানবতার কল্যাণে কথা বলে যাবেন।
অভিজিৎ রায়ের পরিবার তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে (অঙ্গব্যবচ্ছেদবিদ্যা) গবেষণার কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করেছে। গতকাল রোববার বেলা একটার দিকে বিভাগের প্রধান অধ্যাপক শামীম আরা মরদেহটি গ্রহণ করেন।
এর আগে সকাল থেকে দুপুর অব্দি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় অসংখ্য মানুষ। সকাল ১০টার দিকে মরদেহ নেওয়া হয় বুয়েটে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে ১০টা ৪০ মিনিটে মরদেহ নেওয়া হয় অপরাজেয় বাংলার পাদদেশে। এখানে অভিজিতের বন্ধু, স্বজন, শুভানুধ্যায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্ত ও প্রগতিশীল চিন্তার মানুষ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
কফিন নামানোর পর পেছনের গাড়ি থেকে নেমে আসেন শোকার্ত বাবা অধ্যাপক অজয় রায়, সঙ্গে ছোট ছেলে অনুজিৎ রায় এবং পরিবারের আরও কয়েকজন সদস্য। বেলা সাড়ে ১১টার দিকে অজয় রায়কে কিছু বলার অনুরোধ আসে। স্বজনেরা তাঁকে চেয়ারে বসেই বলতে বললেন। মাইক এগিয়ে দিলেন। কিন্তু উঠে দাঁড়ান তিনি। বলতে শুরু করেন, ‘শোকাহত সুধীমণ্ডলী, ... পুত্রহারা পিতা হিসেবে এখন কিছু বলা আমার জন্য বড়ই শক্ত।’ বক্তব্য শুরুর পর মিনিট পাঁচেক ধরে বললেন তাঁর ক্ষোভ-দুঃখ-অভিযোগ-অনুযোগের কথা। আর তাঁর ‘ছাত্রীসম’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলে হত্যার বিচার চান।
অজয় রায় তাঁর ছেলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘মৌলবাদী ও ইসলামি জঙ্গি সংগঠন এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে। এই হত্যাকাণ্ড সরকারের একটি ব্যর্থতার প্রতীক। কেননা, মৌলবাদী শক্তিগুলো অভিজিৎকে ধ্বংস করবে, হত্যা করবে বলে অনেকবার হুমকি দিয়েছিল। এ সমস্ত মেসেজ তখন আমি আইজি, ডিআইজি সবাইকে জানিয়েছিলাম। তাঁরা বলেছিলেন, তাদের নিরাপত্তা তিন স্তরের, চার স্তরের। সেখানে হুমায়ুন আজাদের মতো দ্বিতীয় কোনো ঘটনা ঘটবে না। কিন্তু ইসলামি জঙ্গিগোষ্ঠী কতটা শক্তিশালী, তাদের কাছে আমাদের তথাকথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা দরিদ্র, কতটা ব্যর্থ অভিজিৎ হত্যাকাণ্ড তার প্রমাণ।’
এর আগে অভিজিৎ রায়ের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) মাহফুজা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, আইনজীবী সারা হোসেন প্রমুখ।
শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ, সিপিবি, জাসদ, বাসদ, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, গণস্বাস্থ্য কেন্দ্র, জাতীয় কবিতা পরিষদ, ঋষিজ শিল্পী গোষ্ঠী, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ, সম্মিলিত সামাজিক আন্দোলন, পথনাটক পরিষদ, চারুকলা, মহিলা পরিষদ, নারীমুক্তি কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন, খেলাঘর, ব্লাস্ট, নিজেরা করি, পাহাড়ি ছাত্র পরিষদ, ছায়ানট, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গণসংহতি আন্দোলনসহ অসংখ্য সংগঠন।
এ ছাড়া ব্যক্তি পর্যায়ে একটি-দুটো কিংবা একতোড়া গোলাপ কিংবা রজনীগন্ধায় শেষ বিদায়ের শ্রদ্ধা জানান অনেকেই। ফুলে ফুলে ভরে ওঠে অভিজিতের কফিন।
শ্রদ্ধা জানাতে এসেছিলেন আরেক ব্লগার শহীদ রাজীব হায়দারের পরিবারের সদস্যরা। ছেলেহারা মা নার্গিস হায়দারের বুকফাটা আর্তনাদ, ‘আমার ছেলের মতো আরেকটি সন্তানকে কুপিয়ে মারা হলো।’
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘এটা জঘন্যতম হত্যাকাণ্ড। অভিজিৎ একজন গবেষক, লেখক। সে বই লিখেছে, তার মত প্রকাশ করেছে। এ জন্য কি তাকে জীবন দিতে হবে?’ তিনি প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
দুপুর ১২টার দিকে অভিজিতের মরদেহ সোহ্রাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ-সংলগ্ন ফুটপাতে নিয়ে যাওয়া হয়। এখানেই গত বৃহস্পতিবার রাতে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদও এ সময় গুরুতর আহন হন। শত শত মানুষ ফুল হাতে লাইন ধরে এখানে আসেন। ফুল দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে।
দুপুর সোয়া ১২টার দিকে অভিজিৎ রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় মগবাজারের বাসায়। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে মা শেফালী রায় শয্যাশায়ী। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে বেলা একটার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
এদিকে আলাদা বিবৃতিতে গতকাল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র, হিউম্যান রাইটস ফোরাম, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, সন্ত্রাস ও প্রতিরোধ কমিটি, জাসদ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাব।