অভিজিৎ রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা
অভিজিৎসহ সব হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি
কেবল বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় নয়, সব হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়। অভিজিৎ রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গতকাল রোববার রাজধানীর শাহবাগে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
‘মুক্তবুদ্ধি চর্চা ও সামাজিক ন্যায়বিচার: কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে গণজাগরণ মঞ্চ।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় বলেন, ব্লগাররা ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে তাঁদের মতামত ও চিন্তাধারা অন্যের কাছে তুলে ধরেন। কারও সেটি পছন্দ না হলে তিনি আরেকটি লেখা লিখতে পারেন। কিন্তু দেখা গেল, তাঁদের কথার কোনো যৌক্তিক বিরোধিতা না করে তাঁদের হত্যা করা হলো। এতেই বোঝা যায়, এ দেশে মুক্তবুদ্ধির চর্চার ঠিক কতটা অনুকূল পরিবেশ। তিনি বলেন, ‘আমাকে আশ্বাস দেওয়া হয়েছে খুব শিগগির অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। আমি আশা করছি, তাঁরা কথার বরখেলাপ করবেন না।’
নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের বাবা নাজিমুদ্দিন বলেন, ‘যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, তাদেরকে রুখে দিতে প্রয়োজনে রাজীবের মতো অসংখ্য রাজীব জীবন দেবে।’
সাম্প্রতিক সময়ে একজন সাংসদকে গুলি করে হত্যা মামলার উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘দুই মাসের ভেতরে যদি একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়, তবে কেন ত্রিস্তর নিরাপত্তাবলয়ের মধ্যে হওয়া অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবেদন দুই বছরেও দাখিল করা সম্ভব হয় না?’
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, মানবাধিকারকর্মী খুশী কবির, অভিজিৎ রায়ের সহোদর অনুজিৎ রায় এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে একটি আলোর মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ চত্বরে (যেখানে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়) যায়। সেখানে আলোক প্রজ্বালন ও নীরবতা পালনের মাধ্যমে অভিজিৎ রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা।