বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাংলাদেশ চাইলে এই হত্যাকাণ্ড তদন্তে সহায়তা দিতে দেশটি প্রস্তুত আছে বলেও জানানো হয়। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র জেন সাকি এসব কথা বলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎকে কুপিয়ে হত্যার এ ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত অভিহিত করে জেন সাকি বলেন, অভিজিৎ রায়ের নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। অভিজিৎকে একজন সাংবাদিক, মানবতাবাদী, স্বামী ও বন্ধু অভিহিত করে তাঁর পরিবারের প্রতি মার্কিন সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান জেন সাকি।
অভিজিৎ হত্যার ঘটনাটি শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। মুক্তচিন্তার লেখালেখির কারণেই তাঁকে হত্যা করা হয়েছে বলে এসব সংবাদমাধ্যমে বলা হয়।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে প্রবাসীরা সমাবেশ করেন। গত বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসের এই প্রতিবাদ সমাবেশে সাধারণ প্রবাসীসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠকেরা যোগ দেন।
জাতিসংঘের নিন্দা: এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ গত শুক্রবার প্রেস ব্রিফিংয়ে অভিজিৎ হত্যাকাণ্ড বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের মানবাধিকারবিষয়ক সহকর্মীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আশা প্রকাশ করেছেন, এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।’
মার্কিন সিনেটরদের কাছে চিঠি: সব মানুষের ধর্মীয় স্বাধীনতা, এমনকি অবিশ্বাসীদের বিশ্বাসের অধিকার নিশ্চিত করার বিষয়ে শুনানির জন্য মার্কিন সিনেটর ও প্রতিনিধিদের কাছে চিঠি পাঠিয়েছে দি আমেরিকান হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশে মুক্তবুদ্ধির মানুষদের ওপর এ ধরনের হামলার শিকার অভিজিৎই প্রথম হননি। কিন্তু যেহেতু তিনি মার্কিন নাগরিক, তাই মানবতাবাদী কমিউনিটির পক্ষ থেকে আমরা মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষে এ বিষয়ে শুনানির উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।’
সিপিজের দাবি: অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। শুক্রবার সংগঠনটির এশিয়া প্রোগ্রামের সমন্বয়ক বব ডিয়েৎস এক বিবৃতিতে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আবেদন জানাই, যেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়।’
এদিকে ভারতের কলকাতায় শিল্পী-সাহিত্যিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিজিৎ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
তসলিমা নাসরিনের নিন্দা: অন্যদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, বাংলাদেশে লেখকদের ওপর মৌলবাদীদের হামলা নতুন কিছু নয়। এর আগেও লেখকদের হত্যা করা হয়েছে। অভিজিৎ সব ধরনের ধর্মীয় গোঁড়ামির সমালোচনা করতেন, হয়তো এ কারণেই তাঁকে হত্যা করা হয়েছে।