রাজধানীতে এক মানববন্ধনে বক্তারা বলেছেন, খুনিদের ধরতে সরকারের ব্যর্থতা একের পর এক হত্যাকাণ্ড ঘটাতে উৎসাহ জোগাচ্ছে। এ কারণে অভিজিৎ রায়-ওয়াশিকুর রহমান হত্যার দায় রাষ্ট্রেরও।
শাহবাগে গতকাল শুক্রবার বিকেলে সম্মিলিত সামাজিক আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। ব্লগার ওয়াশিকুর হত্যার প্রতিবাদে এবং অভিজিৎ-ওয়াশিকুরের খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক অজয় রায়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি শান্তি মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করে আবারও শাহবাগে গিয়ে শেষ হয়।
মানববন্ধনের ঘোষণাপত্রে দেশের সব কওমি মাদ্রাসা নজরদারির আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করা ও তাদের অর্থের উৎস বন্ধ করারও দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিতের খুনিরা ধরা পড়লে হয়তো ওয়াশিকুর হত্যার ঘটনা ঘটত না।
ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, জঙ্গিবাদ, উগ্রবাদ—সবকিছুর মূলে জামায়াত-শিবির। এদের নিষিদ্ধ করতে হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, কেনিয়াতে এক বিশ্ববিদ্যালয়ে জঙ্গিরা হামলা চালিয়ে ১৪৭ জনকে হত্যা করেছে। দেশে দেশে এদের উদ্দেশ্য, কৌশল, ধরন সব একই রকমের। এদের অর্থের উৎস, পরিকল্পনা সব একই জায়গা থেকে হয়। তিনি বলেন, ‘রাষ্ট্র যদি এসব ঘটনা বন্ধ করতে না পারে তবে আমরা ভাবব এই সরকারও পূর্বাপর সরকারগুলোর পদাঙ্ক অনুসরণ করছে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।