প্রায় এক মাসের ব্যবধানে দুই ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ডকে বাংলাদেশে মুক্তভাবে কথা বলা ও গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধানের মুখপাত্র গতকাল বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
এদিকে ওয়াশিকুর হত্যার প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত মঙ্গলবার প্রতিবাদ সভা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি মানবাধিকারকর্মীরাও অংশ নেন।
ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধানের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে মতপ্রকাশের স্বাধীনতাকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ওই দুই ঘোষণা বা অঙ্গীকারপত্রে স্বাক্ষরকারী দেশ। ইইউ মতপ্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। একটি গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো সংলাপ ও সহনশীলতা।
বিবৃতিতে বলা হয়, সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজের উচিত বাংলাদেশের সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। আর ব্লগার হত্যাকারীদের অবশ্যই দ্রুত ন্যায়বিচারের আওতায় আনতে হবে।
লন্ডন প্রতিনিধি জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত মঙ্গলবার প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা ওয়াশিকুর হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে তাঁরা সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশে সৃজনশীল মুক্তচিন্তার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে প্রতিবাদকারীরা হাইকমিশনে স্মারকলিপি দেন।
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎকে হত্যার এক মাস পার হতে না হতেই একই কায়দায় ওয়াশিকুরকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রতিবাদকারীরা। হত্যাকাণ্ডের বিচারহীনতাই এই পরিবেশ তৈরি করেছে বলে তাঁরা মনে করেন।
বক্তারা বলেন, একুশের গ্রন্থমেলার বাইরে ভিড়ের মধ্যে অভিজিৎকে হত্যার এক মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারের আন্তরিকতা দৃশ্যমান নয় বলে মনে করেন তাঁরা। জনতা ধরিয়ে না দিলে ওয়াশিকুরের হত্যাকারীরাও পর্দার আড়ালে চলে যেত বলে তাঁরা মন্তব্য করেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়নের সদস্য বব চার্চিল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান প্রমুখ।