অভিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী ও 'জিরো টলারেন্সের' দাবি ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দলের বৈঠক শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: ফোকাস বাংলা
১৪ দলের বৈঠক শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: ফোকাস বাংলা

নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা না দেখে অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারকে ‘জিরো টলারেন্সে’ থাকার পরামর্শ দিয়েছে ১৪-দলীয় জোট। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন অভিজ্ঞ মন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও জোটনেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান নেতারা।
আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে জোটের নেতারা এ আহ্বান জানান। 
১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, শুধু উন্নয়ন করলেই হবে না। নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের মতো ঘটনা মোকাবিলায় প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা করা। এ জন্য জোটনেত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বৈঠকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হলে একজন অভিজ্ঞ, দক্ষ ও রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে হবে। বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসন ও সরকারের সফলতা প্রচারের জন্য ১৫ জুনের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৪ দল সমাবেশ করবে।

খুনের ঘটনায় শামীম ওসমান ও নিজাম হাজারীর সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন জেলার নেতারাও জাতীয় নেতা হয়ে গেছেন। অপরাধী অপরাধীই। তাদের কোনো রাজনৈতিক সংজ্ঞা নেই, পরিচয় নেই।’

উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে নাসিম বলেন, ‘যে সমস্যা টেবিলে বসে নিরসন সম্ভব, সে জন্য ধর্মঘট ডাকতে হবে কেন? জনগণকে জিম্মি করে এ ধরনের ধর্মঘট মেনে নেওয়া যায় না। প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, ধর্মঘট আহ্বানকারীদের সঙ্গে বসে বিষয়টা মীমাংসা করার জন্য।’

‘আওয়ামী লীগ আরও পচলে তারপর আন্দোলন’—বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার এমন মন্তব্যের বিষয়ে নাসিম বলেন, ‘তাহলে কি তিনি চান দেশে আরও অরাজকতা হোক? এ ধরনের কথা কোনো দায়িত্ববান নেতার মুখে মানায় না। এসব কথা শুনে মনে হয়, এখনো বিএনপির রাজনৈতিক আদর্শের পরিবর্তন হয়নি।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাসদের নাজমুল হক প্রধান, তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল প্রমুখ। এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।