জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মেসবাহউদ্দিন ২৯ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন। এক বছর পর আরেক উপাচার্য তাঁদের আবার উচ্চ পদে নিয়োগ দিতে যাচ্ছেন। উভয় ক্ষেত্রেই একের পর এক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নিয়োগ চূড়ান্ত হতে যাচ্ছে। অবশ্য একাডেমিক কাউন্সিলের সভায় গত রোববার বিষয়টি অনুমোদন হয়ে গেছে। অভিযোগ রয়েছে, এসব কর্মকর্তাকে গ্রেড-১ পদে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, বয়সসহ বিভিন্ন শর্ত শিথিল করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৯ সালে সেকশন কর্মকর্তার চারটি পদের (গ্রেড-১) জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়। এই বিজ্ঞপ্তির অধীনে নিয়োগ সম্পন্ন হয় গত বছর। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম ভেঙে চার পদের বিপরীতে ২৯ জনকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেয়। নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ১৬ জন। পছন্দের প্রার্থীদের চাকরি দিতে ২০১১ সালের ২০ ডিসেম্বর সাবেক উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদকে হুমকি ও চার কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেছিলেন ছাত্রলীগের কর্মীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে। যাদের যোগ্যতা নেই বা কম আছে, তাদের গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হচ্ছে না।’