অভিজ্ঞতা ছড়িয়ে দিতে লেখালেখির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার শিরীন শারমিন চৌধুরী
স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিজেদের অভিজ্ঞতাগুলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে লেখার প্রতি আরও মনোনিবেশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এই আহ্বান জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমরা অনেকে হয়তো সব সময় বই লেখার তাগিদ অনুভব করি না। কিন্তু আমাদের অভিজ্ঞতাগুলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সব সময়ের জন্য রেখে যেতে সকলেই লেখার প্রতি আরও মনোনিবেশ করলে সমাজ ও জাতির ক্ষেত্রে অবদান রাখতে পারব এবং সকলেই উপকৃত হবেন।’

‘বাংলাদেশ মার্চিং ফরোয়ার্ড’ শীর্ষক এই গ্রন্থের লেখক জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর লেখা ও বক্তব্য নিয়ে বইটি লেখা হয়েছে। এটি প্রকাশ করেছে স্কলার পাবলিশার্স।

সভাপতির বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান গ্রন্থটির বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, তিনি (এম এ মোমেন) মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রেখেছেন। প্রতি পাতায় দেশের প্রতি তাঁর যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি তাঁর যে কর্তব্যবোধ, সেটা প্রকাশ পাচ্ছে।

প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গ্রন্থের লেখক এ কে আবদুল মোমেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সাংবাদিক সেলিম সামাদ, স্কলার পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের দর্শক সারিতে আবদুল মোমেনের ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।