মাত্র তিন মাসে ৫০ হাজার মামলা নিষ্পত্তি করেছেন ময়মনসিংহের জেলা ও দায়রা জজ নুরুল হুদা। এতে বিস্মিত আইন মন্ত্রণালয় ও এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তাই জজ নুরুল হুদার কাছ থেকে কাজের পদ্ধতি ও অভিজ্ঞতা নিয়ে তা সারা দেশে মামলা নিষ্পত্তিতে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।।
গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী ৯ আগস্ট আইনমন্ত্রী এবং সংসদীয় কমিটির সভাপতি ও অন্য সদস্যরা জজ নুরুল হুদার কর্মপদ্ধতি ও অভিজ্ঞতার বিষয়ে জানতে ময়মনসিংহ যাবেন।
এ কথা জানিয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ময়মনসিংহে পারলে সারা দেশে কেন এভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করা যাবে না। তিনি বলেন, বিচার বিভাগকে আধুনিক করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ জন্য বিচারকদের সময়মতো এজলাসে আসা ও এজলাস ত্যাগ করার বিষয়ে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
সুরঞ্জিত বলেন, পশ্চাৎপদ বিচারব্যবস্থা নিয়ে আধুনিক বাংলাদেশ হবে না। এ খাতে বাজেট বাড়াতে হবে। এ পর্যায়ে তিনি হেসে দিয়ে বলেন, বাজেট বাড়ানোর কথা বললে তো আবার কারও কাছে রাবিশ-খবিশে পরিণত হতে হয়।