জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রে রোগী দেখেন ফার্মাসিস্টরা আর ফার্মাসিস্টের কাজ করেন এমএলএসএস। গত সোমবার ওই স্বাস্থ্য উপকেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
দীর্ঘদিন ধরে ওই স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এখানে মাত্র একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রয়েছেন। তিনি আবার সপ্তাহে দুই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, চিকিৎসা কর্মকর্তার কক্ষের দরজার সামনে ১৫-২০ জন রোগী অপেক্ষা করছেন। সেই কক্ষে এক ব্যক্তি রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন। রোগীরা ব্যবস্থাপত্র নিয়ে ফার্মাসিস্টের কক্ষে গিয়ে ওষুধ নিচ্ছেন। চিকিৎসা কর্মকর্তার কক্ষে ঢুকে পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে মাহবুর রশিদ বলে পরিচয় দেন। তিনি একজন ফার্মাসিস্ট।
আপনি ফার্মাসিস্ট হয়ে রোগী দেখছেন—এমন প্রশ্নের জবাবে মাহবুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এখানে আলমগীর হোসেন নামের একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আছেন। এই কর্মকর্তা সপ্তাহে দুই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ওই দুই দিন তিনি (মাহবুর রশিদ) রোগী দেখেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি রোগী দেখেন। এতে তাঁর সমস্যা হয় না।
চিকিৎসা কর্মকর্তার কক্ষের সামনেই ফার্মাসিস্টের কক্ষ। সেখানে গিয়ে দেখা যায়, এক ব্যক্তি রোগীদের ওষুধ দিচ্ছেন। তিনি নিজেকে ফজলুর রহমান বলে পরিচয় দেন। তিনি একজন এমএলএসএস। তিনি জানান, ফার্মাসিস্ট মাহবুর রশিদ রোগী দেখছেন। এ কারণে তিনি ফার্মাসিস্টের দায়িত্ব পালন করছেন।
ফার্মাসিস্টের কক্ষে কথা হয় রোগী মরিয়ম খাতুনের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘দুই দিন ধরে মোর প্যাটের ব্যথা। এখানে আসনু ডাক্তর মোক ওষুধ লেকে দিল। একন ওষুধ লিয়ে বাইত (বাড়ি) যামু।’
চিকিৎসা রেজিস্টার খাতায় দেখা গেছে, স্বাস্থ্য উপকেন্দ্রে ওই দিন দুপুর দুইটা পর্যন্ত ৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
আলমগীর হোসেন বলেন, ‘সপ্তাহে দুই দিন (শনিবার ও সোমবার) আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হয়। এ কারণে ওই দুই দিন আমি স্বাস্থ্য উপকেন্দ্রে থাকতে পারি না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস প্রথম আলোকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক চাওয়া হয়েছে। এখানে চিকিৎসকের পদায়ন হলে জামালগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রে সমস্যা থাকবে না।