অভিজ্ঞতা নেই তবু চিকিৎসাসেবা দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুকুনুজ্জামান সিদ্দিকী জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল বিভাগে প্রধান টেকনিশিয়ানের পদে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি তাঁকে পারফিউশন বিভাগে হার্টলাং (হূৎপিণ্ড ও ফুসফুস) শল্যচিকিৎসার প্রধান টেকনিশিয়ান হিসেবে বদলি করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, অভিজ্ঞতা না থাকায় রুকুনুজ্জমান যন্ত্রপাতি ঠিকমতো চালাতে পারছেন না। রোগীরা সেবা পাচ্ছে না, সংশ্লিষ্ট চিকিৎসকেরা আছেন অসুবিধায়।হাসপাতালের চিকিৎসক বিলকিস বানু অসুবিধার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ২৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লেখা আবেদনপত্রে তিনি বলেন, প্রধান টেকনিশিয়ান অস্ত্রোপচারকক্ষের যন্ত্রপাতি চালাতে পারছেন না। এতে অস্ত্রোপচারসহ নানা ধরনের সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, ওই পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকার কথা বলা হয়েছিল, কিন্তু রুকুনুজ্জামানের তা নেই। বিলকিস বানু জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে মহাপরিচালকের কাছে অনুরোধ জানান।রুকুনুজ্জামান সিদ্দিকী ১১ নভেম্বর প্রধান হার্টলাং টেকনিশিয়ান হিসেবে পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন। হাসপাতালের পরিচালক বিভাগীয় প্রধানের মতামত না নিয়ে তাঁকে পদায়নের জন্য মহাপরিচালকের কাছে সুপারিশ করেন। সার্জিক্যাল বিভাগের প্রধান খাজা নাসিরউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, নিয়ম থাকলেও এ ব্যাপারে বিভাগের প্রধানের মতামত নেওয়া হয়নি।হাসপাতালের পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী প্রথম আলোকে বলেন, রুকুনুজ্জামানের আবেদনপত্রে আওয়ামী লীগের এক নেতার সুপারিশ ছিল। আবেদনপত্রটি তিনি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেন। বদলি করেছেন মহাপরিচালক। এতে তাঁর হাত নেই।