অভিজ্ঞতা পুঁজি করে দুর্যোগের সঙ্গে লড়ছে উপকূলের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ কালো হলে আর প্রচণ্ড গরম পড়লে নদীর দিকে তাকান। নদীতে পানি বা ঢেউ বাড়লে ঝড়ের আশঙ্কা করেন। তখনই নদী থেকে ঘরে ফেরার চেষ্টা করেন। নোয়াখালীর দ্বীপ হাতিয়ার তমরুদ্দিন ইউনিয়নের ক্ষীরদিয়ার বাসিন্দা মো. আমিনুল্লাহ জানান, এটাই তাঁর ঘূর্ণিঝড়ের প্রস্তুতি। রেডিওতে মাঝেমধ্যে সতর্কসংকেত শুনলেও তা বুঝতে পারেন না।ঘূর্ণিঝড়ের প্রস্তুতি সম্পর্কে মোটামুটি একই ধরনের কথা শোনা যায় মনপুরার আন্দিরপাড়ের বাসিন্দা জুয়েল মিয়া, আবদুল খালেক, কলাতলী চরের জয়নাল আবেদিন, পূর্ব কোলাগাজির তালুকের নাজিমউদ্দিন, হাজিরহাটের চর জ্ঞানের মতলব বেপারি, কুতুবদিয়ার বড়ঘোপের আমিনউদ্দিনসহ আরও অনেকের কাছ থেকে।মনপুরা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আন্দিরপাড় গ্রাম। পাশ দিয়ে বয়ে গেছে হাতিয়া চ্যানেল। নদীর স্রোতে তীর ভাঙছে। ভাঙন থেকে বাঁচতে কিছু মানুষ বাড়ি সরিয়ে নিচ্ছে। দূরে চোখে পড়ে নতুন বাঁধ তৈরির দৃশ্য। নদীর ভাঙন আর নতুন বাঁধ তৈরির এ ঘটনা এলাকায় ঘটছে যুগ যুগ ধরে।ভাঙনের কবলে পড়ে আন্দিরপাড় থেকে বাড়ি সরিয়েছিলেন আবদুল খালেক। তিনি জানান, নদীর ভাঙন শুরু হলে বাড়ি বদলাতে পারেন। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় এলে কিছুই করার থাকে না। ঝড় শুরু হওয়ার আগে কোনো খবর পান না। একই এলাকার আনোয়ার হোসেন আঙুল উঁচিয়ে বলেন, ‘ওই নদী আমাদের বাঁচায়, আবার নদীই ভাসিয়ে নেয়।’ তবে ভাঙন যেভাবে শুরু হয়েছে, তাতে আর রক্ষা নেই। তাই বাড়ি সরিয়ে নিচ্ছেন। তিনিও ঘূর্ণিঝড়ের খবর সময়মতো পান না।উপকূলের বেশ কয়েকটি জেলায় রেড ক্রিসেন্টের সহায়তায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচির আওতায় এলাকায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে মানুষকে সচেতন ও আগাম সতর্কসংকেত জানানোর জন্য। মনপুরার প্রায় দেড় লাখ মানুষ সারা বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানামুখী প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে থাকে বলে জানিয়েছে মনপুরা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। উপজেলার চরনিজাম ও কলাতলী চর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। তাঁদের হিসাবে কাগজে-কলমে মনপুরায় ২৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থাকলেও দুটি নদীভাঙনে বিলীন হয়েছে। বাকি ২৫টি আশ্রয়কেন্দ্রে সর্বোচ্চ ১৫ হাজার লোক আশ্রয় নিতে পারে। দুর্যোগের সময় উপজেলার এক লাখের বেশি মানুষ আশ্রয় নেয় বেড়িবাঁধ, মাটির কিল্লা কিংবা পাকা বাড়িতে। মনপুরার অধিকাংশ মানুষ ঘূর্ণিঝড়ের আগাম বার্তা পায় না। কোথা থেকে পাওয়া যাবে, সে ব্যাপারেও স্পষ্ট ধারণা নেই। তুফান শুরু হলে নদীতে থাকা মানুষ ঘরে ফেরে।বারবার দুর্যোগের মুখোমুখি হয়ে উপকূলের মানুষ নিজেরাই অনেক সচেতন হয়ে উঠেছে। মনপুরা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিম লিডার দিলীপ কুমার মজুমদার প্রথম আলোকে জানান, ১০ নম্বর বিপৎসংকেত দিলেও অনেকে বাড়ি ছাড়তে চায় না। শেষ সময়ে জলোচ্ছ্বাস বেড়ে গেলে আশ্রয়কেন্দ্রে যায়। ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেতের ওপর গুরুত্ব না দিয়ে তারা নদীর পানির গতিবিধির ওপর নজর রাখে।মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার প্রথম আলোকে জানান, মনপুরায় কলাতলী দ্বীপে বেড়িবাঁধ নেই। সেখানকার ১০ হাজার মানুষ সব ধরনের দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। তিনি আরও জানান, ইউনিয়নের সব মানুষকে নিরাপদে রাখতে কমপক্ষে ১০টি আশ্রয়কেন্দ্র থাকা প্রয়োজন।হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নিঝুম দ্বীপ, হরণী ও চারনধী ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুর্যোগের ঝুঁকিতে থাকে সারা বছর। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ইউনিয়নগুলোর ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়েছে। আশ্রয়কেন্দ্রের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম।ঘূর্ণিঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে হাতিয়ার মানুষ অসহায়। হাতিয়ার তমরুদ্দিন ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন বাবু প্রথম আলোকে জানান, এ এলাকার মানুষ প্রকৃতিক দুর্যোগের আতঙ্কে থাকে। তিনি আরও জানান, ইউনিয়নে প্রায় ১০ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা প্রয়োজন। জরুরি প্রস্তুতি মোকাবিলায় ইউনিয়ন পরিষদে বিশেষ বরাদ্দ থাকাও দরকার।কুতুবদিয়া দ্বীপে ঘূর্ণিঝড়সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেই বললেই চলে। উপজেলায় ৭৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থাকলেও অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। রক্ষণাবেক্ষণের অভাবে আশ্রয়কেন্দ্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সরু পিলারের ওপর নির্মিত আশ্রয়কেন্দ্রে যেতে ভয় পায় এলাকার মানুষ। রেড ক্রিসেন্টের চারটি আশ্রয়কেন্দ্রের মধ্যে তিনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কুতুবদিয়ায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২০ কিলোমিটার ঝুঁকির মধ্যে রয়েছে।কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ে ঝুঁকির কথা জানিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিমলিডার গোলাম রশিদ প্রথম আলোকে জানান, একানব্বইয়ের ঘূর্ণিঝড়ের পর এখানকার মানুষ অনেক সচেতন হয়েছে। সংকেতব্যবস্থার ক্ষেত্রে তারা খুবই সজাগ। তবে প্রয়োজনের তুলনায় এখানে আশ্রয়কেন্দ্রের সংখ্যা অনেক কম। যেগুলো আছে, তার অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে যানবাহন ও উপকরণের অভাব রয়েছে।কুতুবদিয়ার ব্যাপারে কক্সবাজার-২ আসনের সাংসদ হামিদুর রহমান প্রথম আলোকে জানান, সরকার এ এলাকার মানুষের দুর্যোগ নিয়ে চিন্তিত নয়। দ্বীপের চারদিকে পর্যাপ্ত বাঁধ নেই। আশ্রয়কেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম।