অভিনব কায়দায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিচয়ে কাগজপত্র দেখার কথা বলে নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর এলাকায় মনির উদ্দিন আকন্দ সড়ক থেকে একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার বড় ময়না গ্রামের এসকেন মাস্টারের ছেলে বাপ্পি হোসেন (২৫) মোটরসাইকেল নিয়ে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিলেন। তাঁরা বিজয়পুর এলাকায় পৌঁছালে দুজন অপরিচিত ব্যক্তি তাঁদের গতি রোধ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে বলেন। কাগজপত্র বাড়িতে আছে জানালে ওই দুই ব্যক্তি তাঁদের কাছ থেকে মোটরসাইকেলের চাবি ও মুঠোফোন নিয়ে নেন এবং তিন যুবককে বাড়ি থেকে কাগজপত্র
নিয়ে লালপুর থানায় যোগাযোগ করতে বলেন। পরে তিন যুবক থানায় যোগাযোগ করে মোটরসাইকেল এবং ওই ব্যক্তিদের খোঁজ পাননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, তাঁর থানার কেউ এ ঘটনায় জড়িত নন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।