অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত ও ভাসমান ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান একে খান ইউসেফ কালুরঘাট টেকনিক্যাল স্কুল এবারের মাধ্যমিক পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে সারা দেশে প্রথম হয়েছে। ৬০ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। কিন্তু সারা দিন অপেক্ষার পরও এ খবর নিতে যাননি গণমাধ্যমের কোনো প্রতিনিধি। এ কারণে গতকাল সোমবার বিকেলে অভিনব প্রতিবাদ করেছেন পরীক্ষার্থী ও শিক্ষকেরা। ক্ষুব্ধ পরীক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল বিকেলে পত্রিকাপাড়া বলে পরিচিত নগরের চেরাগী পাহাড়ের মোড়ে মানববন্ধন করেন। এরপর তাঁরা প্ল্যাকার্ড নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর পর্যন্ত মিছিলও করেন। ইউসেফের শিক্ষক দেবাশীষ নন্দী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা খুবই হতাশ হয়েছি। এত ভালো ফল করেও আমরা গণমাধ্যমের স্বীকৃতি পাইনি। অথচ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে পর্যন্ত তিনজন ছাত্র ফেল করেছে। আর আমাদের সব ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ খবরটি নেওয়ার মতো গণমাধ্যমের কোনো কর্মীর সময় মেলেনি।’ খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামে ১০টি ইউসেফ স্কুল রয়েছে। বিদেশি বেসরকারি সংস্থা (এনজিও) নগরের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও ভাসমান ছাত্রছাত্রীদের এসব স্কুলে পাঠদানের ব্যবস্থা করে। নগরের মতিঝর্ণা স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ১০টি স্কুলেই প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে। এরপর স্কুলগুলোর সেরা ৬০ ছাত্রছাত্রীকে কালুরঘাট ইউসেফ টেকনিক্যাল স্কুলে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দেওয়া হয়। পুরো শিক্ষার ব্যয়ও ইউসেফের পক্ষ থেকে বহন করা হয়। এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন ছাত্র আর ২২ জন ছাত্রী। গতকালের মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বহন করা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মিডিয়া তুমি নিঃশ্চুপ কেন? সবার সেরা আমরা, আর করো না অবহেলা’। ‘আমরাই সেরা, আমরাই শতভাগ’ ইত্যাদি। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী সাজেদা আক্তার বলে, ‘ভালো ফলাফলের ছবি আমরা প্রতিবছর সংবাদপত্রে ছাপাতে দেখি। তাই আশা করেছিলাম, আমাদের ছবিও ছাপানো হবে। কিন্তু বিকেল পর্যন্ত কোনো সাংবাদিক স্কুলে আসেননি। এরপর আমরা কয়েকজনের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে আমাদের সাফল্যের খবর জানাই। কিন্তু কেউ তাতে গা করেননি।’