অভিনব প্রতিবাদ, আটকের পর মুক্ত
রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে গাছে উঠে অভিনব প্রতিবাদকারী জালালউদ্দীন মজুমদারকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গাছ থেকে নেমে এলে পুলিশ তাঁকে ধরে থানায় নিয়ে যায়। অবশ্য পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ক্রসফায়ার, পেট্রলবোমা, হরতাল, অবরোধ চিরতরে বন্ধ করার দাবিতে গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের একটি রেইনট্রি কড়ইগাছে উঠে বসেন জালালউদ্দীন। গাছের সঙ্গে তিনি কিছু দাবিসংবলিত ব্যানার ঝুলিয়ে দেন। হাত-মাইক নিয়ে নিজের দাবির পক্ষে গাছে বসে বক্তব্যও দেন। তাঁর এসব কর্মকাণ্ড অনেক গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে গাছ থেকে নামেন জালালউদ্দীন। কিছু সময় নিচে অবস্থান করে একটি ব্যানার প্রেসক্লাবের সামনে লাগিয়ে আবার গাছে উঠতে গেলে পুলিশ তাঁকে আটকে ফেলে। পরে তাঁকে শাহবাগ থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁকে আটক করা হয়নি। তিনি কে, তাঁর উদ্দেশ্য কী ইত্যাদি খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে দেখে মনে হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।