অভিনব হালখাতা!
হালখাতা মানেই ক্রেতা কর্তৃক বিক্রেতার বকেয়া পরিশোধের বিষয়। ব্যবসাক্ষেত্রে এটাই রেওয়াজে পরিণত হয়ে আসছে দীর্ঘকাল থেকে। কিন্তু কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর গ্রামে রোববার রাতে হয়ে গেছে এক অভিনব হালখাতা!শিবপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে বিদ্যুৎচালিত মোটরের মালিক হুমায়ুন কবির ইরি-বোরো মৌসুমের শুরুতেই তাঁর মোটরের অধীনে ইরি-রোরো চাষিদের হালখাতার নামে দাওয়াতপত্রের মাধ্যমে বাড়িতে এনে মিষ্টিমুখ করিয়ে সেরে ফেলেছেন সেচযন্ত্রের আগাম হালখাতা। জমির মালিকেরা এ হালখাতায় উপস্থিত হয়ে পরিশোধ করেছেন সেচযন্ত্রের আগাম চার্জ (টাকা)।জানা গেছে, হুমায়ুন কবির তাঁর সেচযন্ত্রের জন্য এবার কাঠাপ্রতি ৪০০ টাকা ধার্য করেন। সব মিলিয়ে তাঁর মোটরের অধীনে প্রায় ৮০ হাজার টাকা আসার কথা। ওই রাতে হালখাতায় চাষিরা বকেয়া বাবদ প্রায় ৪০ হাজার টাকা পরিশোধ করেন।শিবপুর গ্রামের কৃষক আবু তাহের ভূঞা (৫০) বলেন, ‘আমার কাছে এক হাজার ২০০ টাকা মেশিনের চার্জ বকেয়া ছিল। হাতে সম্পূর্ণ টাকা না থাকায় ৫০০ টাকা দিয়ে হালখাতা খেয়েছি।’ একই ধরনের কথা বলেন ওই গ্রামের কৃষক রিটন ভূঞাসহ আরও অনেকেই।যোগাযোগ করা হলে হুমায়ুন কবির গতকাল বলেন, ‘হালখাতার মাধ্যমে এলাকার কৃষকদের বাড়িতে দাওয়াত করে এনে সবাই মিলে মিষ্টিমুখ করে আনন্দ করেছি। মোটরের চার্জের বকেয়া প্রায় ৮০ হাজার টাকার মধ্যে অর্ধেকের মতো কৃষকেরা পরিশোধ করেছেন জানিয়ে তিনি আরও বলেন, পুরো টাকা পরিশোধের জন্য কাউকে চাপাচাপি করা হয়নি। উপস্থিত কৃষক যে পরিমাণ টাকা পরিশোধ করেছেন তা-ই খাতায় জমা করা হয়েছে।