অভিনেতা অলির ঝুলন্ত লাশ উদ্ধার
অভিনেতা ও মডেল মঈনুল হক ওরফে অলির (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রমনা থানার পুলিশ। মালিবাগের বাসায় শোবার ঘরের সিলিং ফ্যানে তাঁর লাশ ঝুলছিল বলে পুলিশ জানায়।রমনা থানা সূত্র জানায়, অলি তাঁর মা-বাবার সঙ্গে ৬০ পশ্চিম মালিবাগে থাকতেন। গতকাল বুধবার সকালে পরিবার খবর দিলে ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মর্গ সূত্র জানায়, তাঁর এক হাত, এক পা ও পিঠের কিছু জায়গা পুড়ে গেছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, মডেল অলির শোবার ঘরের দরজা চাপানো ছিল। খাট ও মশারি পোড়া পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে তোশক ও মশারিতে আগুন লেগেছে। সেখান থেকে অলির শরীরেও আগুন লাগতে পারে।অলির বড় ভাই চিকিৎসক মোজাম্মেল হক জানান, অলির স্ত্রী ফাতেমা তুজ জোহরা পেশায় চিকিৎসক। ২০০৯ সালে তাঁদের বিয়ে হয়। কিছু দিন ধরে তাঁদের বনিবনা হচ্ছিল না। তাই স্ত্রী শান্তিনগরে তাঁর পৈতৃক বাড়িতে ওঠেন। অলিরা দুই ভাই ও এক বোন। অলি অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো: একটু রোদের ছোঁয়া, নীরব পথের যাত্রী, হিজাব, ঊনমানুষ, আকাশ ছোঁয়া ও নীল রক্ত। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন অলি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: লাইফবয় সাবান, ক্লোজআপ টুথপেস্ট, লিজান হারবাল।