অভিনেতা চ্যালেঞ্জার আর নেই
জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা চ্যালেঞ্জার আর নেই। গতকাল মঙ্গলবার রাত ৯-৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যানসারে ভুগছিলেন। জনপ্রিয় ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে চ্যালেঞ্জারের আগমন ঘটে। টিভি ও চলচ্চিত্র মিলিয়ে তাঁর কাজের সংখ্যা দুই শতাধিক। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, আমজাদ হোসেনের ‘কাল সকালে’ উল্লেখযোগ্য। অভিনেতা চ্যালেঞ্জার ১৯৫৯ সালে রাজধানীর খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। দুই ভাইয়ের মধ্যে মেজো ভাই চাকরিজীবী এবং ছোট ভাই অস্ট্রেলিয়া-প্রবাসী। তাঁর দুই বোনের মধ্যে একজন অভিনেত্রী মনিরা মিঠু এবং অপরজন গৃহিণী। চ্যালেঞ্জার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল সকালে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।