অভিনেতা শিমুলের বিরুদ্ধে মামলা সমন জারি
চট্টগ্রাম ক্লাবকে দেওয়া একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার (ডিজঅনার) অভিযোগে মডেল ও অভিনেতা মনির এইচ খান শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি করেন চট্টগ্রাম ক্লাবের কর্মকর্তা এম আরিফুর রশিদ। অভিযোগ আমলে নিয়ে আদালত মনির খানের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদীর আইনজীবী মঈন আবদুল্লাহ আল আহাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর ভিক্টোরি সিলেকশন নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম ক্লাবে। অনুষ্ঠানটির যৌথ আয়োজক ছিল চট্টগ্রাম ক্লাব ও শিমুল। ক্লাবের সঙ্গে শিমুলের চুক্তি হয়, স্পন্সরসহ যাবতীয় খরচ বহন করবেন তিনি। কিন্তু অনুষ্ঠানের খরচ, সাউন্ড সিস্টেম, থাকা-খাওয়াসহ কোনো টাকাই পরিশোধ করেননি শিমুল। টাকা পরিশোধ করার কথা বললে তিনি গত ১৪ জানুয়ারি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অনুকূলে দুই লাখ টাকার একটি চেক দেন। চেকটি তখন ব্যাংকে প্রত্যাখ্যাত হয়।
জানতে চাইলে শিমুল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘অনুষ্ঠানটির পেছনে আমার ১৬ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। কিন্তু চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তিই হয়নি আমার। দুই লাখ টাকার চেক দিয়েছিলাম সিকিউরিটি মানি হিসেবে। ওরা (ক্লাব কর্তৃপক্ষ) আমার সঙ্গে বসুক। যাবতীয় কাগজপত্র রয়েছে আমার কাছে। আমি প্রয়োজনে মানহানির মামলা ও সংবাদ সম্মেলন করব।’