অভিনেতা সাইফুদ্দিন আহম্মেদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন অভিনেতা সাইফুদ্দিন আহম্মেদ (৮৩)। গতকাল সোমবার বিকেল পৌনে চারটায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।সাইফুদ্দিন আহম্মেদ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তাঁর স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এ বছরের জুনে বাথরুমে পা পিছলে পড়ে তাঁর ঊরুর হাড় ভেঙে যায়। এরপর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থা দুর্বল থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। এ কারণে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।সাইফুদ্দিন আহম্মেদের ভাগনে নওশের হায়াত খান প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে সাইফুদ্দিন আহম্মেদের মরদেহ হাসপাতাল থেকে কমলাপুরে তাঁর নিজ বাড়ি মায়াকাননে নিয়ে যাওয়া হয়। বাদ এশা সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হয়। সাইফুদ্দিন আহম্মেদ স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে সাঈদ আহম্মেদ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।সাইফুদ্দিন আহম্মেদ ১৯২৭ সালে আসামের ধুবড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর ছেলে সাঈদ আহম্মেদ জানান, দীর্ঘ চলচ্চিত্রজীবনে তাঁর বাবা চার শতাধিক চলচ্চিত্র এবং শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।১৯৫৭ সালে প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি মুখ ও মুখোশ-এ অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে নাম লেখান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে জোয়ার এলো, পরশমণি, ময়নামতি, এতটুকু আশা, বধূবিদায়, নীল আকাশের নীচে, রূপের রানী চোরের রাজা, স্মৃতি তুমি বেদনা, শেষ উত্তর, বড় ভালো লোক ছিল ও স্বামীর ঘর। সাইফুদ্দিন আহম্মেদের মৃত্যুতে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।