‘মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ শিল্পী ঐক্যজোট রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে।
অনুষ্ঠানে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার তিনজন গর্বিত মাকেও সংবর্ধনা দেওয়া হয়।
গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার রাতে বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এক ঝাঁক শিশু নৃত্যশিল্পী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সংগঠনের সদস্য ফরিদা আকতার ও আনোয়ার সংক্ষেপেরউপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। শিল্পী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অভিনেতা ডি এ তায়েব অনুষ্ঠান উদ্বোধন করেন। রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান হাবিব, সম্মাননা পাওয়া চলচ্চিত্র অভিনেত্রী আনেয়ারা বেগম, টেলিভিশন প্রযোজক সমিতির সহসভাপতি নাট্যকার ও প্রযোজক মাহবুবা শাহরীন, চলচ্চিত্র অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি, অপ্সরা সুহি, তামান্না, টুনটুনি, শিল্পী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম সৈকত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পী ঐক্যজোটের উপদেষ্টা নজরুল ইসলাম মণ্ডল, সংগঠনের জেলা শাখার আহ্বায়ক অপূর্ব সাহা দ্বিজেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাসির উদ্দিন, সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন, উপদেষ্টা ও সাংবাদিক রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে অভিনেত্রী আনোয়ারা বেগমকে বাংলার ‘মা’ হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। একই সঙ্গে উপজেলার তিনজন গর্বিত মাকে (যাঁদের সন্তানেরা দেশের বিভিন্ন স্থানে উচ্চপর্যায়ে কর্মরত) ক্রেস্ট হাতে তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অভিনয় এবং নৃত্যানুষ্ঠান শেষে মঞ্চায়িত হয় নাটক গৈ গেরামের পালা। সুলতান মাহমুদ রাজ্জাক রচিত ও ওলিউল হাসান মুঞ্জুর পরিচালনায় নাটকটিতে বিশিষ্ট অভিনেতা ডি এ তায়েব, অপ্সরা সুহিসহ শিল্পী ঐক্যজোটের স্থানীয় শিল্পীরা অভিনয় করেন। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শত শত দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।