অভিন্ন দ. এশিয়া গড়তে চাই সনাতন রাজনীতির অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে একটি অভিন্ন দক্ষিণ এশিয়া গড়তে হলে সনাতন রাজনৈতিক ধারার অবসান করতে হবে। তা ছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে সাধারণ মানুষের উন্নয়নকে প্রাধান্য দিয়ে একটি নতুন উন্নয়ন-ধারণা তৈরি করা জরুরি।গতকাল মঙ্গলবার ঢাকায় একটি আঞ্চলিক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সার্কভুক্ত দেশের মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই অভিমত দেন। বেসরকারি সংস্থা ইকুইটি বিডি আয়োজিত ‘নতুন দক্ষিণ এশিয়ার স্বপ্ন: জনগণের প্রেক্ষাপটে’ শীর্ষক দুই দিনের সেমিনারে সার্কভুক্ত আটটি দেশের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। ভারতের মানবাধিকার নেত্রী কমলা ভাসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান।পাকিস্তানের শ্রমিক নেতা কেরামত আলী বলেন, ‘আজ হোক কাল হোক, দক্ষিণ এশিয়াকে একটি ফেডারেশনের আওতায় আসতে হবে।’ তিনি গণহত্যাসহ একাত্তরে পাকিস্তানের সব ধরনের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান। পাকিস্তানের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দাবি জানান। অধ্যাপক আনিসুজ্জামান দক্ষিণ এশিয়ার দেশে দেশে গণমানুষের পর্যায়ে আঞ্চলিক একাত্মতাবোধ গড়ে তোলার আহ্বান জানান।অভিন্ন দক্ষিণ এশিয়া গড়ার লক্ষ্য অর্জনে সবাইকে স্থানীয় ও জাতীয় পরিচিতি এবং সীমান্তরেখা ও অন্যান্য বাধা অতিক্রম করতে হবে বলে অভিমত দেন কমলা ভাসিন।নেপালের মানবাধিকার কমিশনের সদস্য কপিল শ্রেষ্ঠা বলেন, অধিকার আদায়ে সর্বত্র সামাজিক আন্দোলন আরও বেগবান করতে হবে।