অভিন্ন নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক আইনি কাঠামো দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক দেশের ওপর দিয়ে প্রবহমান উপমহাদেশের কয়েকটি নদীর পানি ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা সঠিক হচ্ছে না। ব্যবসায়িক স্বার্থে অভিন্ন এসব নদীর ওপর বাঁধসহ নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। আন্তর্জাতিক আইন না মেনে নদী ব্যবস্থাপনায় ক্ষতিকর আন্তরাষ্ট্রীয় চুক্তি করা হচ্ছে। এ ক্ষেত্রে একটি আঞ্চলিক আইনি কাঠামো তৈরি করা দরকার।গতকাল সোমবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘উপমহাদেশে আন্তঃরাষ্ট্রীয় নদী ব্যবস্থাপনা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা এসব কথা বলেন। রাজধানীর মুক্তি ভবনে অনুষ্ঠিত বৈঠকে মূল আলোচক ছিলেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক গোপাল শিবাকুটি চিন্তন।গোপাল শিবাকুটি উপমহাদেশের অভিন্ন নদীগুলো নিয়ে সম্পাদিত আটটি চুক্তি ব্যাখ্যা করে বলেন, এগুলো আন্তর্জাতিক আইন মেনে করা হয়নি। ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা চুক্তি, নেপালের সঙ্গে কোসি নদী চুক্তি, ভুটানের সঙ্গে চুখা নদী চুক্তি, পাকিস্তানের সিন্ধু নদ চুক্তি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে করা হয়নি।অভিন্ন নদীবিষয়ক চুক্তির ফলে ভারতের স্বার্থ রক্ষিত হয়েছে এবং অন্য রাষ্ট্রগুলোর শাসকেরা ক্ষমতায় টিকে থাকতে নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন গোপাল শিবাকুটি। নদীগুলোর প্রাকৃতিক সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে ঐক্য গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, সবাই মিলে ভারতের ওপর চাপ দিতে হবে।সভাপতির বক্তব্যে বাপার সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, অভিন্ন নদীগুলোর কোথায় কী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, সেসব তথ্য যৌথ নদী কমিশনের কাছে নেই। তিনি বলেন, অভ্যন্তরীণ নদীর ওপর যত্রতত্র রাস্তা তৈরি করে সেগুলো মেরে ফেলা হচ্ছে। চলনবিল তার সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশের মতো মাথাপিছু এত রাস্তা বিশ্বের আর কোথাও নেই উল্লেখ করে বাপার সভাপতি বলেন, ‘এত রাস্তা আমাদের দরকার নেই। যা তৈরি হয়েছে, তা সংরক্ষণ করা জরুরি।’কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, আমলারা বিষয় সম্পর্কে কিছু না জেনে স্ত্রী-পরিবার নিয়ে বিদেশে যান নদী বিষয়ে চুক্তি করতে। দেশের বিশেষজ্ঞ ও নাগরিক সমাজ মতামত দেয় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শ শুনে। তিনি বলেন, দাতারা যদি বলে, দেশের সব নদী ভরাট করে কৃষিজমি ও আবাসন শিল্প করা হবে, পোষা বিশেষজ্ঞরা দাতাদের ওই মতের পক্ষে মত দেওয়া শুরু করবেন।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই অঞ্চলের কেন্দ্রীয় শক্তি হিসেবে ভারত ও প্রান্তিক ছোট রাষ্ট্রগুলোর মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মধ্যে শোষক ও শোষিতদের সম্পর্কের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এসব ক্ষেত্রে তথাকথিত সহযোগিতায় যাবতীয় বিষয় শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ বলেন, ‘নদী ও পানিবিষয়ক আন্তর্জাতিক চুক্তি করতে আমাদের নিজস্ব অবস্থান ও প্রস্তুতি নেই। বিশ্বব্যাংক ও এডিবি সরকারের নীতি ও কৌশল ঠিক করে দেয়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, নদীবিষয়ক জাতিসংঘের সনদ তৈরির প্রক্রিয়ায় বাংলাদেশ যুক্ত থাকলেও আজ পর্যন্ত সরকার তা অনুমোদন করেনি। এই চুক্তিটি বাংলাদেশের মতো দেশগুলোর স্বার্থ রক্ষা করতে পারে। সরকারের ভেতরে মন্ত্রীদের চেয়েও শক্তিশালী কেউ আছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশি শক্তির স্বার্থরক্ষাকারী এই গোষ্ঠী সব সরকারের মধ্যে সক্রিয় থাকে।