অভিন্ন নদীতে বাঁধ 'মানবতাবিরোধী অপরাধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত যেভাবে পানি সরিয়ে নিচ্ছে, তাতে ৩০ বছরের মধ্যে দেশের ৬০ ভাগ এলাকা মরুভূমিতে পরিণত হবে বলে মনে করেন পানি বিশেষজ্ঞ এস আই খান। তাঁর মতে, অভিন্ন নদীতে বাঁধ দেওয়া ‘মানবতাবিরোধী অপরাধ’।

গতকাল শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রগতিশীল প্রকৌশলী ও স্থপতি ফোরাম আয়োজিত এ আলোচনায় আন্তর্জাতিক ফারাক্কা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এস আই খান বলেন, ভারত অভিন্ন নদীর উজানে যেসব বাঁধ দিয়েছে এবং দিচ্ছে, এর সবগুলো রাজনৈতিক বাঁধ। এর মাধ্যমে ভাটির দেশ বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, ধ্বংস করতে চায়। 

পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক বলেন, তিস্তা বাঁধের পানি পেতে হলে সঠিক তথ্য তুলে ধরে আন্দোলন করতে হবে। তিস্তা বাঁধ দেওয়ায় বছরে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই ক্ষতির জন্য ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক সুব্রত সরকার। তিনি পানিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চীন, ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে যৌথ অববাহিকা কর্তৃপক্ষ গঠন করার ওপর গুরুত্বরোপ করেন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য রুহিন হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক সাব্বির মোস্তফা খান, প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের কে এম হাফিজুর রহমান প্রমুখ।