অভিন্ন নদীর পানি নিয়ে উমা ভারতীর ইঙ্গিত
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে অভিন্ন নদী ও তার পানি নিয়ে অর্থপূর্ণ ইঙ্গিত দিলেন ভারতের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী।
গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে উমা ভারতী বলেন, বাংলাদেশ ও নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ় করতে অভিন্ন নদী ও তার পানি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ভারতের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ব পানি দিবস উপলক্ষে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
উমা ভারতী আরও বলেন, সীমান্ত নদীগুলোর গুরুত্ব অপরিসীম। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর মনোভাব সম্পর্কে ভারত যথেষ্ট ওয়াকিবহাল। নদী সংযোজন সম্পর্কে তাঁর বক্তব্য, বন্যা ও খরা মোকাবিলায় সরকার এই চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ এপ্রিল ভারতে আসছেন। এই সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তির সম্ভাবনা না থাকলেও এই বিষয়ে ভারতের ইতিবাচক ভূমিকার কিছু প্রমাণ রাখার চেষ্টা যে চলছে, উমা ভারতীর এই মন্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর যৌথ বিবৃতিতে তিস্তা নিয়ে স্পষ্টভাবে ভারতের ইতিবাচক মনোভাবের উল্লেখ রাখা হবে। দ্রুত চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতিও ভারতের পক্ষ থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের জটিলতা কাটাতে পানিকে সংবিধানের যুগ্ম তালিকায় নিয়ে আসারও চেষ্টা চলছে। এটা করতে অবশ্য সংবিধান সংশোধন করা প্রয়োজন। বর্তমানে নদীর পানি রাজ্য তালিকাভুক্ত।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যে নিবিড় এবং তার ‘গ্রাফ’ যে ঊর্ধ্বমুখী, তা বোঝাতে হাসিনার সফরের সময় বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিল্লিতে আমন্ত্রণ জানানোর একটা প্রস্তাব রয়েছে। পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল প্রথম আলোকে বলেন, সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংকেও আমন্ত্রণ জানানো উচিত বলে তাঁরা মনে করেন। কারণ, তিস্তার উৎপত্তি সিকিমেই। সিকিম জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে তিস্তার জল টেনে নিচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিযোগও রয়েছে।
পবন চামলিং কিছুদিন আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে তাঁর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কিংবা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারও আলোচনা করেননি। আজ পর্যন্ত এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কোনো বৈঠকের আয়োজন কেন্দ্রীয় সরকার করেনি। তেমন বৈঠক হলে তিনি অবশ্যই যোগ দেবেন।