নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য অনুসন্ধান কমিটির ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন? কারা যুক্ত হচ্ছেন নতুন নির্বাচন কমিশনে। অনুসন্ধান কমিটির সদস্যরা বলছেন, রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম থেকে ১৬ জন বিশিষ্ট নাগরিকদের পরামর্শের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। এ তালিকায় যাঁরা আছেন, তাঁরা প্রায় সবাই পরিচিত মুখ।
জানা গেছে, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামগুলোর আস্থা রাখছে অনুসন্ধান কমিটি। এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটভুক্ত দল এবং বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটভুক্ত দল অনুসন্ধান কমিটিকে যে নাম দিয়েছে, এর মধ্যে অভিন্ন নামই বেশি। গত বৃহস্পতিবার এই নামগুলো নিয়েই অনুসন্ধান কমিটির সদস্যদের মধ্যে আলাপ-আলোচনা হয়। আগামীকাল সোমবার অনুসন্ধান কমিটির পরবর্তী বৈঠকে রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য ১০ জনের নাম চূড়ান্ত করতে পারে কমিটি।
অনুসন্ধান কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জন্য, অনুসন্ধান কমিটির জন্য নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর দেওয়া নামের ওপরই আস্থা রাখছে কমিটি। রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম থেকেই অভিন্ন ২০ জনের তালিকা করা হয়েছে। যারা আছেন, প্রায় সবাই দেশবাসীর কাছে পরিচিত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সাবেক আমলাদের প্রাধান্য দিয়ে অনুসন্ধান কমিটিতে নাম দিয়েছেন। সুতরাং অনুসন্ধান কমিটি তাদের প্রাধান্য দিয়েই রাষ্ট্রপতিকে নাম সুপারিশ করবেন।
অনুসন্ধান কমিটিতে গত ৩১ জানুয়ারি অন্তত ২৬টি রাজনৈতিক দল ১২৪ থেকে ১৩০ জনের নাম প্রস্তাব করে। অনুসন্ধান কমিটির দুজন সদস্য বলেন, এমন ব্যক্তিদের নির্বাচন কমিশনের জন্য সুপারিশ করা হবে, যারা সারা বাংলাদেশ ছুটে বেড়াতে পারবেন। কমিশনে বসে মিডিয়ার সামনে খোশগল্পে মেতে থাকবেন না।
সোমবার রাতের মধ্যেই সুপারিশকৃতদের নাম চূড়ান্ত
অনুসন্ধান কমিটির নিজেদের মধ্যে এ পর্যন্ত তিনটি বৈঠক করেছে। সব বৈঠকেই অনুসন্ধান কমিটির ছয়জন সদস্যই উপস্থিত ছিলেন। কমিটির দুজন সদস্য বলেন, এ পর্যন্ত অনুসন্ধান কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ হয়নি। ফলে তাদের কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আগামীকাল সোমবার পারলে, সবার নাম চূড়ান্ত করতে পারেন অনুসন্ধান কমিটির সদস্যরা। এ জন্য বৈঠক একটু দীর্ঘ হবে বলে জানান কমিটির একজন সদস্য। পরের দিন কেবল সুপারিশকৃতদের নাম টাইপ হয়ে রাষ্ট্রপতি বরাবর পেশ করা হবে।
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি।