অভিন্ন নিয়োগ নীতিমালা চান উপাচার্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভিন্ন নিয়োগ নীতিমালা ও আর্থিক বিধিবিধান প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
গত রোববার ইউজিসি মিলনায়তনে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ইউজিসির কর্মকর্তাদের এক মতবিনিময় সভা হয়। সেখানে এই অনুরোধ করা হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সরকারের প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান এবং ইউজিসি নীতিমালা সঠিকভাবে মেনে চলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে ইউজিসি কোনো ছাড় দেবে না।
ইউজিসির চেয়ারম্যান সঠিকভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও তা যথাযথভাবে সময়মতো বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে সভায় সম্প্রতি নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।