অভিন্ন পুলিশ বাহিনী গড়তে চায় সার্ক দেশগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ দমনসহ অপরাধমূলক বিভিন্ন তৎপরতা রোধে এ অঞ্চলের জন্য একটি অভিন্ন পুলিশ বাহিনী গড়ে তুলতে চায় দক্ষিণ এশিয়ার দেশগুলো। শ্রীলংকার পক্ষ থেকে তিন বছর আগে দেওয়া সার্কপোল গঠনের প্রস্তাবে সার্ক দেশগুলোর সম্মতি থাকলেও এর কাঠামো কি হবে তা নিয়ে আলোচনা খুব একটা এগোয়নি। অভিন্ন পুলিশ বাহিনী গঠনের বিষয়টি গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় বৈঠকে গুরুত্ব পায়। তাছাড়া অপরাধমূলক তৎপরতা দূর করতে আট দেশের পুলিশের মধ্যে নেটওয়ার্ক গড়তে চায় এ অঞ্চলের দেশগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো প্রথম আলোকে জানায়, শ্রীলংকার পক্ষ থেকে ২০০৭ সালে সার্কপোল গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে ধারণাপত্র দেওয়া হয়েছে সার্ক দেশগুলোতে। জানা গেছে, শ্রীলংকার দেওয়া প্রস্তাবে সন্ত্রাসবাদ দমনে সার্কপোল কোন কোন ক্ষেত্রে কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে। সন্ত্রাসবাদ ও আঞ্চলিক অপরাধ রোধে এ বাহিনীর সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে পালিয়ে থাকা এক দেশের অপরাধীদের অন্য দেশ থেকে গ্রেপ্তার এবং অবৈধ মুদ্রা ও মাদক পাচার। মূলতঃ কি কাঠামোতে এ পুলিশ বাহিনী গড়ে তোলা হবে সেটা নিয়েই দেশগুলো তাদের অবস্থান জানাবে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, শ্রীলংকা সার্কপোলের ব্যাপারে যে ধারণাপত্র দিয়েছে তা সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে এর কাঠামো কি হবে তা নিয়ে আলোচনা এগোয়নি। অবশ্য এর আগে পুলিশ প্রধানদের বৈঠকে ইন্টারপোলের আদলে দক্ষিণ এশিয়ায় একটি অভিন্ন পুলিশ বাহিনী গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে বৈঠকে অপরাধ দমনের অংশ হিসেবে পাকিস্তানে একটি অপরাধ দমন ইন্সটিটিউট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবে বলা হয়, আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে সদস্য দেশগুলোর পুলিশ সদস্যরা অপরাধীর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে সে লক্ষ্যেই এ সংস্থা কাজ করবে। অপরাধ দমন রোধে সার্ক দেশগুলোর পুলিশ নেটওয়ার্ক গড়ে তোলার একটি প্রস্তাব দিয়েছে নেপাল। মূলতঃ অপরাধীদের গ্রেপ্তারে এক দেশ যাতে অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করে সেটিই এ নেটওয়ার্ক গড়ে তোলার প্রধান লক্ষ্য। এ ব্যাপারে একটি ধারণাপত্র তৈরি করে সদস্য দেশগুলোকে দেওয়া হয়েছে।