চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ২১ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর এবং ২২ ডিসেম্বর যথাক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা হবে। এ বছর নবম শ্রেণীতে ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয় হলো: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. সাইদুর রহমান প্রথম আলোকে জানান, সরকারি নীতিমালা অনুযায়ী এ বছর থেকে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে।ভর্তি কমিটি সূত্র জানায়, আগামী ৪ ডিসেম্বর থেকে নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হবে। ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যালয় চলাকালে আবেদন সংগ্রহ করা যাবে। ৫ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। ভর্তির জন্য পছন্দের বিদ্যালয়ের নাম ক্রমানুসারে আবেদনে উল্লেখ করতে হবে। সূত্র জানায়, ২১ ডিসেম্বর পঞ্চম শ্রেণী ও ২২ ডিসেম্বর ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার নবম শ্রেণীতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা হবে না। এই শ্রেণীতে জেএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। তবে প্রত্যেক শিক্ষার্থীকে নবম শ্রেণীর জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এতে পছন্দের বিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতসহ মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রশ্নপত্রের মান বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিত ৪০ নম্বরের। জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে মোট আসনসংখ্যা দুই হাজার ৭৩২টি। এর মধ্যে পঞ্চম শ্রেণীতে আসন রয়েছে এক হাজার ৯০০, ষষ্ঠ শ্রেণীতে ৭১২ এবং অষ্টম শ্রেণীতে ১২০টি। এ ছাড়া নবম শ্রেণীতে আসন রয়েছে ৩৯৭টি।