অভিন্ন প্রশ্নপত্রে সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি এবার জাতীয় মেধা তালিকার ভিত্তিতে হবে। এ লক্ষ্যে দেশের সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা একই সময়ে একই দিনে হবে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরেরর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯টি সরকারি ও ৪২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদনপত্র আগামী ১৫ সেপ্টেম্বর ছাড়া হবে। বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে জানান, একই প্রশ্নেপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় মেধা তালিকা তৈরি করা হবে। তিনি আরও জানান, ওই তালিকার ভিত্তিতে প্রথমে সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি করা হবে। এরপর বেসরকারি মেডিকেলে ভর্তি করা হবে। এ ছাড়া মেধা তালিকায় ভালো অবস্থানে থেকেও শিক্ষার্থী চাইলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।গতকালের সভায় ১৯টি সরকারি ও ৪২টি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের ডিন উপস্থিত ছিলেন।