অভিন্ন বাণিজ্যনীতি প্রণয়নে ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে একটি অভিন্ন নীতি প্রণয়নের বিষয়ে একমত হয়েছেন সংস্থাটির সদস্যরাষ্ট্রগুলোর বাণিজ্যমন্ত্রীরা। প্রতিটি সদস্যদেশে ‘কমনওয়েলথ বাণিজ্য দূত’ (কমনওয়েলথ ট্রেড অ্যাম্বাসেডর) নিয়োগ দেওয়ার প্রস্তাবেও সায় দিয়েছেন। কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন শেষে গতকাল শুক্রবার লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ প্রায় ৩৫টি দেশের বাণিজ্যমন্ত্রী সম্মেলনে অংশ নেন। ‘কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল’ এবং কমনওয়েলথ সচিবালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রধান জনাথন মারল্যান্ড বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলো যাতে অভিন্ন নীতি মেনে একে অপরের সঙ্গে বাণিজ্য করতে পারে, সে লক্ষ্যে একটি অভিন্ন মানদণ্ড (স্ট্যান্ডার্ড রুল) তৈরির বিষয়ে তাঁরা একমত হয়েছেন, যা ‘কমনওয়েলথ কোড’ নামে পরিচিত হবে। আর কমনওয়েলথ বাণিজ্য দূতের কাজ হবে সদস্যদেশগুলোর সরকার ও বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান বাধা দূর করতে সহায়ক ভূমিকা পালন করা।
জনাথন মারল্যান্ড প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। বাংলাদেশের অবিশ্বাস্য রকম অর্থনৈতিক অগ্রগতি এবং রপ্তানি বাড়ানোর আকাঙ্ক্ষায় তিনি অভিভূত। তিন বলেন, ছোট-বড় সব দেশই যাতে আন্তকমনওয়েলথ বাণিজ্যের মাধ্যমে নিজ নিজ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে, সেটাই বাণিজ্য সহজীকরণের মূল লক্ষ্য।
কমনওয়েলথের মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, কমনওয়েলথভুক্ত ৫২টি দেশে ২৪০ কোটি মানুষের বসবাস। নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক গভীর ও সহজীকরণের মাধ্যমে দেশগুলো অভাবনীয় অর্থনৈতিক উন্নতি সাধনের সুযোগ নিতে পারে।