অভিন্ন মাদ্রাসাশিক্ষা ব্যবস্থা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি ধারার মাদ্রাসাগুলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে এনে অভিন্ন মাদ্রাসা শিক্ষাব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন। কওমি মাদ্রাসাগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, সাধারণ ও কওমি দুই ধারার মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতিকে বিভক্ত করে রেখেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে আয়োজিত সুন্নি সমাবেশে তিনি এ দাবি জানান।
নগরের লালদীঘি মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে জাতীয় মোর্চা গঠনের পরামর্শ দিয়েছে কমিটি। আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্যসচিব জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন বন্ধ করতে আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক তৎপরতা বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান এম এ মতিন।
সমাবেশে ইসলামি ফ্রন্ট চেয়ারম্যান এম এ মান্নান বলেন, সুন্নি ব্যক্তিত্ব ও সুন্নি স্থাপনাগুলো জঙ্গিগোষ্ঠীর আক্রমণের শিকার হচ্ছে।
অন্য বক্তারা বলেন, ইসলামসহ কোনো ধর্মের অবমাননা যাতে না হয়, সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গিদের শিকড় উপড়ে ফেলতে কঠোর আইনি পদক্ষেপ ও জাতীয় জাগরণ সৃষ্টি করার দাবি জানান তাঁরা।