অভিন্ন সব নদীর সমন্বিত ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান
অভিন্ন সব নদীর সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির (আইএফসি) নিউইয়র্ক ও বাংলাদেশ কমিটির নেতারা। গতকাল রোববার দুই কমিটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
আইএফসির নেতারা বলেন, অতি সম্প্রতি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের ভেতর গঙ্গা বাঁধ নির্মাণ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনের বিদায়ী সাক্ষাতে তিনি এ প্রস্তাব দিয়ে দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, এমন একসময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই প্রস্তাব করেছেন, যখন ভারত ব্রহ্মপুত্রের পানির সুষম ব্যবহারের বিষয়ে উজানের দেশ চীনের সঙ্গে বোঝাপড়ার জন্য বাংলাদেশের সহযোগিতা-প্রত্যাশী। এতে আরও বলা হয়, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্রের উজানে বাঁধ নির্মাণ করায় চীনের সঙ্গে বোঝাপড়ায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে পাশে পেতে চায় ভারত। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবে উজানের দেশ ভারতকে গঙ্গা বাঁধ প্রকল্পের অংশীদার রেখে দায়বদ্ধতার মধ্যে আনার যে ইঙ্গিত রয়েছে, তা আরও শাণিত করা দরকার বলে আইএফসির নেতারা মনে করেন।
এ প্রসঙ্গে আইএফসির নেতারা বলেন, ভারত যেমন ব্রহ্মপুত্র অববাহিকার অংশীদার হিসেবে বাংলাদেশকে পাশে পেতে চায়, তেমনি অভিন্ন সব নদীর সুষম ব্যবহারের জন্য বাংলাদেশকে অববাহিকাভিত্তিক সব দেশের সহযোগিতা চাইতে হবে।
বিবৃতিতে বলা হয়, সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে নদীগুলোকে বাঁচিয়ে রাখার বিকল্প নেই। আইএফসির বাংলাদেশ ও নিউইয়র্ক কমিটির পক্ষে সই করেন আতিকুর রহমান, সৈয়দ টিপু সুলতান, আওলাদ হোসেন খান, অধ্যাপক জসিমউদ্দিন আহমাদ, এস আই খান, সৈয়দ ইরফানুল বারী ও মোস্তফা কামাল মজুমদার। বিজ্ঞপ্তি।