অভিনয় করতে করতে অসুস্থ, তারপর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বিভাগে নাটকের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিচ্ছিলেন আবু সাঈদ। পরীক্ষা চলাকালে বিকেলে একবার অসুস্থ বোধ করেন। বিশ্রাম নিয়ে আবারও পরীক্ষায় অংশ নেন। সন্ধ্যায় বেশি অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে মারা যান তিনি।
আবু সাঈদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায়। তাঁর সহপাঠীরা জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মাঝরাতে কিছুটা সুস্থবোধ করেন সাঈদ। তারপর বন্ধুদের সঙ্গে গল্প করে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যেই ভোর চারটার দিকে বমি করতে করতে অচেতন হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, চিকিৎসকেরা বলেছেন, হৃদ্রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে।