অভিবাদন শওকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শওকত হোসেন। বয়স ৮৭ বছর। বছর তিনেক আগে তাঁর স্ত্রী মারা গেছেন। পুরান ঢাকার লাল মোহন সাহা রোডের নিজের জরাজীর্ণ একতলা বাসায় এখন একাই থাকেন।

শওকতের বড় মেয়ে শামসুন্নাহার। তিনি সপরিবারে থাকেন অস্ট্রেলিয়ায়। আর ছোট মেয়ে রুনুননাহার থাকেন রাজধানীর ধানমন্ডিতে। বড় মেয়ে কয়েক বছর ধরে বলছেন, ‘আব্বা, আপনার বয়স হয়েছে। আর পত্রিকা বিক্রি করতে হবে না। আপনি এখন অবসর নেন।’ ছোট মেয়েও বলেন, ‘আব্বা, অবসর নিয়ে আপনি আমাদের সঙ্গে থাকেন।’

কিন্তু শওকতের এক কথা—যত দিন সুস্থ থাকবেন, তত দিন পত্রিকা বিক্রি করে যাবেন।

ঢাকার আদালত পাড়ায় পত্রিকা বিক্রি করেন শওকত। ঢাকা আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকের সামনে তাঁর ছোট্ট দোকান। লোহার তৈরি আলমারিতে থরে থরে সাজিয়ে রাখেন দিনের পত্রিকা। দোকানে বসার জায়গা না থাকায় রাস্তায় একটা টুল নিয়ে বসে থাকেন তিনি। আদালত থেকে শওকতের বাসার দূরত্ব দুই কিলোমিটার। সকালে সূর্য উঁকি দেওয়ার পর পর বাসা থেকে হেঁটেই চলে আসেন দোকানে। বিকেল নাগাদ পত্রিকা বিক্রি করে আবার হেঁটে চলে যান বাসায়।

১৯৬১ সালের কথা। নিজেদের জমিজমা নিয়ে মামলার একটা কাজে ঢাকার আদালতে প্রথম আসেন মেট্রিক পাস শওকত। এরপর আইনজীবীর সহকারী হিসেবে (মুহুরি) আদালতে কাজ নেন তিনি। মুহুরির কাজ করেই কেটে যায় ২৪ বছর। ১৯৮৫ সালের পর আইনজীবীর সহকারীর কাজ ছেড়ে দিয়ে পত্রিকা বিক্রির জীবন শুরু। শওকত বলেন, ৩৩/৩৪ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন। শুরুতে আদালত চত্বরের বটতলায় বসতেন পত্রিকা নিয়ে।

পুরোনো সেই দিনের কথা বলতে গিয়ে শওকত মাঝেমধ্যে আবেগতাড়িত হয়ে পড়েন। বললেন, ‘৫৭ বছর ধরে আছেন আদালতপাড়ায়। এখন বদলে গেছে সবকিছু। চেনাজানা অনেক নামকরা উকিল আজ আর নেই। অনেক সিনিয়র উকিল রোজ সকালে আমায় বলতেন—শওকত পত্রিকা দ্যাও।’

রাজনীতি সচেতন শওকত একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। স্বাধীনতার পর তৎকালীন ওয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থেকে তিনি শুনেছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে যে সবুজরঙা টুপি পরে ভাষণ শুনতে গিয়েছিলেন। সেই টুপি সযতনে আগলে রেখেছেন শওকত।

লাল মোহন সাহা স্ট্রিটের শওকতের বাসায় যাই গেল সপ্তাহে। শওকত থাকেন ছোট্ট একটি কক্ষে। দৈর্ঘ্য ১৫ ফিট, প্রস্থ ১০ ফিট। দেয়ালের চুন-সুরকি খসে পড়ছে। ভেতরে একটা খাট, তক্তাগুলো ভাঙা। এর ওপর বিছানো কাঁথা। তেল চিটচিটে মশারি দিনরাত টাঙানো থাকে। পূর্ব দিকের দেয়ালে ঝোলানো বাঁশের লাঠিতে বেঁধে রাখা অনেকগুলো ব্যাগ। শওকত ব্যাগ থেকে একেক করে বের করলেন অনেক পুরোনো দলিল-দস্তাবেজ।

শওকতের বাবার নাম জাবেদ আলী। পেশায় ছিলেন চিকিৎসক। ব্রিটিশ আমলে (১৯৪২ সাল) চাচা ইসমাইল মুনশি যে পাসপোর্ট নিয়ে সৌদি আরব যান, সেই পাসপোর্ট দেখালেন শওকত। পুরোনো অনেক বই, পত্রিকা আছে তাঁর ঘরে। এর মধ্যে দুটি বই তিনি দেখান। নাম ‘পূর্ব পাকিস্তান উন্নয়ন পরিকল্পনা’ আর ‘বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র’।

গত মাসে শওকতের বড় মেয়ে শামসুন্নাহার অস্ট্রেলিয়া থেকে ঢাকায় আসেন। বাবা শওকতের সঙ্গে দেখা করেন। যান আদালত এলাকায় যেখানে তাঁর বাবা পত্রিকা বিক্রি করেন। শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘আমার আব্বা সবার থেকে আলাদা। তিনি খুব সরল মানুষ। বড় ভালো মনের মানুষ।’

শামসুন্নাহার আর রুনুননাহারের সঙ্গে কথা বলে জানা গেল, বাবাকে নিয়ে তাঁদের অনেক গর্ব। এই বাবাই হকারি করে তাঁদের উচ্চ শিক্ষিত করেছেন। দুই বোন স্নাতকোত্তর পাস। আদালত পাড়ায় শওকতই সবচেয়ে বয়স্ক হকার। তাঁর কাছ থেকে পত্রিকা কেনার সময় বেশির ভাগ আইনজীবী জিজ্ঞাসা করছেন, ‘চাচা, শরীর কেমন আছে।’ হাসিমুখে জবাব দিয়ে শওকত বলে চলেন, ‘ভালো আছি।’

ঢাকা আইনজীবীর সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী বোরহান উদ্দিন প্রথম আলোকে বললেন, আদালতে আসার পর থেকে তিনি শওকতকে পত্রিকা বিক্রি করতে দেখছেন। তাঁর কাছ থেকে রোজ তিনি পত্রিকা কেনেন।
শওকত জানান, হকারি পেশায় আসার আগে থেকে পত্রিকা পড়া তাঁর নেশা। তখন থেকে দরকারি পত্রিকা তিনি নিজে সংগ্রহ করেন।
শওকত বললেন, ‘পড়ার নেশা থেকে আমার এ পেশায় আসা। পত্রিকা বিক্রি করে প্রতিদিন যে আয় হয় তা দিয়ে আমি চলি। কারও কাছে আমার হাত পাততে হয় না। আমি আমার মতো করে চলি, আমার মতো করে থাকি।’

ত্রিকালদর্শী হকার শওকতের আছে নিজস্ব ভাবনা, আছে নিজস্ব চিন্তা।
ছন্দের সুরে প্রায় সময় হকার শওকত বলে থাকেন,
‘দিন রাত্রি হয় না মিলন,
সত্য মিথ্যা হয় না মিলন,
আগুন পানি হয় না মিলন,
হালাল-হারাম হয় না মিলন।’