
অভিবাসী কর্মীদের উন্নয়নের স্বার্থে অভিবাসন ও রেমিট্যান্সের খরচ কমানোর তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের অভিবাসন ও উন্নয়ন-বিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত সেমিনারে মূল বক্তৃতায় পিটার সাদারল্যান্ড এ মত দেন। বিসের মিলনায়তনে এ সেমিনার অনুুষ্ঠিত হয়।
‘অভিবাসন ও উন্নয়ন: চ্যালেঞ্জ ও প্রেক্ষাপট’ শীর্ষক এই সেমিনার সঞ্চালনা করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। নির্ধারিত আলোচক হিসেবে বক্তৃতা করেন সপ্তম জিএফএমডির চেয়ার (সুইডেন) রাষ্ট্রদূত ইভা আকারম্যান ও আইসিএমসি, বৈশ্বিক নাগরিক সমাজের সমন্বয়ক জন বিংহাম। সমাপনী বক্তব্য দেন বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ।
মূল বক্তৃতায় পিটার সাদারল্যান্ড বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশে অনেক রিক্রুটিং এজেন্ট আছে এবং এই শিল্পটি বিশাল। অভিবাসী ও রিক্রুটিং এজেন্টদের স্বার্থে একটি ন্যায্য ও সম্মানজনক উপায়ে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া চালানোর মাধ্যমে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এ জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় আইন প্রণয়ন করে তা কঠোরভাবে অনুসরণ করা উচিত।
পিটার সাদারল্যান্ডের মতে, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশ। রেমিট্যান্স পাঠানের খরচের হার গড়ে কমে ৮ শতাংশ হয়েছে। তবে এই হার ২ থেকে ৩ শতাংশের বেশি হওয়া উচিত নয়। রেমিট্যান্স পাঠানোর খরচ কমলে দরিদ্র জনগোষ্ঠীর হাতে বিপুল পরিমাণ টাকা সঞ্চিত হবে। সঞ্চিত ওই অর্থের পরিমাণ বৈদেশিক বিনিয়োগ, বিদেশি সহায়তার কয়েক গুণের মতো।
সাদারল্যান্ড আরও বলেন, অভিবাসন বেকারত্ব সৃষ্টি করে না, কর্মসংস্থানের সৃষ্টি করে। সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অর্থনীতির জন্য অভিবাসন সুফল বয়ে আনে। তিনি মনে করেন, নির্যাতনের কারণে যেসব মানুষ দেশ ছাড়তে বাধ্য হন তাঁদের দেখভাল করাটা গুরুত্বপূর্ণ। তেমনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যেসব মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য করছে, তাদের সুরক্ষা দেওয়াও জরুরি।