কোনো অভিবাসনই অবৈধ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেছেন, অভিবাসন কখনোই অবৈধ নয়। সব অভিবাসনই বৈধ। রাষ্ট্রই মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কঠিন করে তোলে।
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল মঙ্গলবার মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, পুঁজি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে কোনো বাধা নেই। বরং সেটা কত দ্রুত সময়ে পাঠানো যায়, সেটাই করা হয়। কিন্তু মানবসম্পদের সহজ প্রবাহ নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের মূলধন হলো মানবসম্পদ। এ মূলধন যদি না রপ্তানি করতে পারি, সে জন্য নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। রাষ্ট্রকেই মানুষের স্বাভাবিক চলাচলকে সহজ ও মানবিক করে তুলতে হবে। অভিবাসী শ্রমিকদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, সেটা আমাদের ভাবতে হবে।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে গরিববান্ধব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমলাতন্ত্র হচ্ছে ধনীবান্ধব। তাহলে কী ঘটছে। আপনি বিমানবন্দর যান। অভিবাসী শ্রমিকদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে? তাঁরা দেশের বাইরে যাওয়ার এবং আসার সময় কী হেনস্তার শিকার হচ্ছেন! তাঁদের আলাদাভাবে সরিয়ে রাখা হয়। পাসপোর্ট আটকে রাখা হয়। বলা হয়, কীভাবে তুমি ভিসা পেলে, আমাদের সন্তুষ্ট করো, না হলে পাসপোর্ট পাবে না। আর আপনি কোট-টাই পরে মিজানুর রহমানের মতো হাজির হন, আপনাকে ইমিগ্রেশন পার করিয়ে দেবে। দয়া করে এটা বন্ধ করুন।’ বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা এখনো বন্ধ হয়নি বলে উল্লেখ করে তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এ দেশীয় মিশন প্রধান শরৎ দাস, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আমজাদ হোসেন খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম প্রমুখ। পরে প্যানেল আলোচনায় বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ প্রমুখ।