অভিবাসন খরচ কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশগামী কর্মীদের অভিবাসন খরচ কমানোর সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) প্রতিনিধিরা জানান, অসুস্থ প্রতিযোগিতার কারণেই খরচ বেড়ে যায়। বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালুর প্রস্তাব করা হয়। সেই সঙ্গে কেউ যাতে বাংলাদেশের পাসপোর্ট অবৈধভাবে ব্যবহার করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।