প্রবাসীকল্যাণ ব্যাংকের ওয়েবসাইট উদ্বোধন
অভিবাসন খরচ না কমালে কঠোর শাস্তি: কর্মসংস্থানমন্ত্রী
অভিবাসন খরচ না কমালে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রেখে আইন করছে সরকার। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল রোববার প্রবাসীকল্যাণ ব্যাংকের ওয়েবসাইট উদ্বোধনকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে অভিবাসন খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে অনেক সময় চার লাখ টাকা নেওয়া হয়। কিন্তু বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে তাঁরা খরচের ওই টাকা তুলতে পারেন না। ফলে তাঁরা অতিরিক্ত সময় অবস্থান করে অবৈধ হয়ে যান। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় না। তাই এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। আর কঠোর আইন না করলে অভিবাসন খাতের খরচ কমবে না এবং এ খাতের শৃঙ্খলাও ফিরবে না।অনুষ্ঠানে মন্ত্রী প্রবাসীকল্যাণ ব্যাংকের ওয়েবসাইট (www.pkb.gov.bd) উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামি জানান, এখন থেকে বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিরা এই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এই ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকাও পাঠাতে পারবেন। প্রবাসীকল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয় মিরপুর রোডের দারুস সালাম এলাকার বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রে। ব্যাংকের টেলিফোন নম্বর ৮০৯১৩৯০, ৮০৯১৩৯১, ৮০৯১৩৯২ ও ৮০৯১৩৯৩।