জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে সাগরপথে নৌকায় করে হাজার হাজার মানুষের মালয়েশিয়ায় পাড়ি জমানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা বলেছে, অভিবাসন খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতি ও আইন প্রয়োগের দুর্বলতার কারণে মানব পাচারকারীরা মানুষের জীবন বিপন্ন করার সুযোগ পাচ্ছে।
গতকাল রোববার এক বিবৃতিতে টিআইবি এ উদ্বেগ জানায়। সংস্থাটি মানব পাচারকারী চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে বর্তমানে সাগরে ভাসমান বাংলাদেশিদের উদ্ধারে জাতিসংঘ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড সরকারের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
টিআইবির বিবৃতিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পাচারকারীদের সঙ্গে এক শ্রেণির ক্ষমতাবান ব্যক্তি এবং প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার যোগসাজশে অভিবাসনে ইচ্ছুকরা নির্মম মানবিক বিপর্যয়ের মুখে পড়ছে। এ ধরনের ঘটনায় প্রমাণ হয়, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতে ব্যর্থতা মানুষের জীবন বিপন্ন করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক হলে এই মানবিক বিপর্যয় এড়ানো যেত। অবৈধ পাচারকারী অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ক্রসফায়ারে দিলে সমস্যার সমাধান হবে না।