অভিবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি করতে হবে
অভিবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি করতে পারলে এই খাতের অনিয়মগুলো কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য বিদেশগামী ব্যক্তিদের যেমন সচেতন হতে হবে, তেমনি তাঁদের অধিকারগুলো সম্পর্কেও নিজেদের জানতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, অভিবাসন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ছাড়া আগ্রহী অভিবাসীরা যে দেশে যেতে চান, সে দেশের ভাষাসহ কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। আর যাঁরা যাচ্ছেন, তাঁরা কোন কাজে যাচ্ছেন, বেতন কত হবে—এসব জেনেই যেতে হবে। তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির ব্যবস্থাপক মেরিনা সুলতানা। তিনি তাঁর প্রবন্ধে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে আটটি প্রধান চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে কর্মীদের চাকরির ক্ষেত্রে দক্ষতার অভাব, যথাযথ ও বৈধ কাগজপত্র না থাকা, প্রণীত আইন সম্পর্কে অভিবাসীদের ধারণা না থাকা, সংশ্লিষ্ট দেশের ভাষা না জানা, বিদেশে বাংলাদেশি মিশনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অজ্ঞতা, মানসিক প্রস্তুতির অভাব, নিয়োগ করা দেশের মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা না থাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান। অনুষ্ঠানে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ফারহানা করীম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কাশেম করিমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রামরুর কর্মশালা: নারীর অভিবাসন, কর্মসংস্থান সামাজিক সুরক্ষা নিয়ে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ডিএফআইডির সহায়তায় একটি কর্মশালার আয়োজন করে অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরু। রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় কর্মী সরবরাহ, চাহিদা, দারিদ্র্য দূরীকরণ ও অভিবাসনের প্রবণতা নিয়ে পৃথক চারটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সায়েমা হক, কামরুল ইসলাম, এ এস এম আলী আশরাফ এবং রামরুর নির্বাহী সদস্য এস এন আজাদ।
কর্মশালায় বলা হয়, কর্মসংস্থান একটি বড় সমস্যা। নারীদের ক্ষেত্রে এ সমস্যা আরও প্রকট। আবার বাজার চাহিদা অনুযায়ী দক্ষতা ও প্রশিক্ষণ পাচ্ছেন না নারীরা। তবে এত কিছুর পরেও তাঁদের কর্মসংস্থান বাড়ছে। নারীদের সুরক্ষা জরুরি।