অভিবাসন খাতের সমস্যাগুলো দূর করতে একমত এশিয়ার ১১ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা ঘোষণা’ প্রকাশ ও ফোরামটির পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে বিদেশে শ্রমিক প্রেরণকারী ১১টি এশীয় দেশের উদ্যোগ ‘কলম্বো প্রসেস’-এর চতুর্থ সম্মেলন। এবারের সম্মেলনে অভিবাসন খাতের সব অনিয়ম দূর করতে সম্মত হয়েছে সদস্যদেশগুলো। শ্রমিক গ্রহণকারী পর্যবেক্ষক দেশগুলোও এ ব্যাপারে সব ধরনের সহায়তা করতে রাজি।রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলন শেষে গতকাল বিকেলে এবারের আলোচনার মূল বিষয়বস্তু তুলে ধরেন ফোরামের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অভিবাসন খাতের সব অনিয়ম দূর করা এবং অভিবাসীদের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে ঢাকা ঘোষণায়। এশিয়ার শ্রমিক প্রেরণকারী ১১টি দেশ এ খাতের সব সমস্যা দূর করতে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, একজন কর্মীর বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকে কাজ করে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো প্রক্রিয়া যেন নিরাপদ ও সম্মানজনক হয়, তা নিশ্চিত করাই ছিল এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য। সে কারণেই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মর্যাদাপূর্ণ অভিবাসন’। মন্ত্রী বলেন, সমস্যা ও সেগুলো সমাধানের উপায় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। কলম্বো প্রসেসের সুপারিশ মানার কোনো বাধ্যবাধকতা নেই বলে কাউকে এ বিষয়ে জোর করা যাবে না। তবে সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে সবাই নীতিগতভাবে একমত হয়েছে। মন্ত্রী জানান, প্রত্যাশামতো এবারই প্রথম ফোরামটির একটি লিখিত নীতিমালা তৈরি করা হয়েছে। এখন থেকে প্রতি দুই বছর পর পর মন্ত্রী পর্যায়ের সভা হবে বলেও ঠিক হয়েছে।সংবাদ সম্মেলনে আইওএমের মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং বলেন, অভিবাসীদের পাশে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলো কতটা মানবিকভাবে দাঁড়াতে পারল, সেটাই হলো মূল বিষয়। আইওএম কলম্বো প্রসেসের বিষয়ে সব ধরনের সহায়তা করবে। সংযুক্ত আরব আমিরাতের শ্রম ও কর্মসংস্থানসচিব মুবারক আল দেহরি, বাংলাদেশের প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী এবং আইওএমের পরিচালক শহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা ঘোষণার বিষয়বস্তু: ঢাকা ঘোষণায় প্রবাসীদের অধিকার, কল্যাণ ও মর্যাদা সমুন্নতকরণ, সেবা ও দক্ষতা বৃদ্ধি, জরুরি অবস্থা মোকাবিলা এবং সম্প্রসারিত সংলাপ ও সহযোগিতা—এই চারটি বিষয়ে মোট ২১টি সুপারিশ করা হয়। অভিবাসীদের মর্যাদা সমুন্নত রাখতে ঢাকা ঘোষণায় অভিবাসী শ্রমিকদের নিয়ে বেআইনি কার্যকলাপ বন্ধ, অভিবাসন ব্যয়ের যৌক্তিকীকরণ, নিয়োগ-প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা নিশ্চিত করা, নিয়োগের ওপর পর্যবেক্ষণ শক্তিশালী করা এবং যেকোনো ধরনের অব্যবস্থাপনা প্রতিরোধে নীতিমালা প্রণয়ন—এসব সুপারিশ ঘোষণায় গুরুত্ব পেয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলতি সংকটের মতো জরুরি অবস্থা মোকাবিলায় নীতিমালা প্রণয়ন, তথ্য আদান-প্রদান এবং নিয়মিত দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সংলাপের আয়োজন, বিদেশগামীদের প্রশিক্ষণ দান, বৈধ পথে অর্থ পাঠানো সহজ করা, চাকরি ও শ্রমবাজারসংক্রান্ত গবেষণা জোরদার, নারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।